আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জের লাখাই উপজেলার ঐতিহ্যবাহী ৫নং করাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের মোটরসাইকেল শোভাযাত্রা ও পূজা পরিদর্শনের মাধ্যমে নির্বাচনী প্রচারণার আগাম বার্তা পৌঁছে দিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা।
এরই ধারাবাহিকতায় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা ও পূজা পরিদর্শন করেছেন তাঁরা।
শত শত নেতাকর্মীকে সঙ্গে নিয়ে কোন কোন প্রার্থী মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে করাব ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন, আবার কোন কোন প্রার্থী তাদের সমর্থক ও কর্মীদের নিয়ে করাব ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় তাঁরা পূজামণ্ডপের আয়োজক, পূজারি ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজেদের পক্ষে সমর্থন ও ভোট প্রার্থনা করেন।
চেয়ারম্যান পদে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা মোঃ মফিজুল ইসলাম,লাখাই উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মালু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ নুরুল আমিন চৌধুরী।
এছাড়াও সমর্থক ও কর্মীদের নিয়ে বিভিন্ন পূজামন্ডব পরিদর্শন করেন বুল্লা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ বাদশা মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট ইয়ারুল ইসলাম ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এমজি জাকারিয়া চৌধুরী রতন।
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে তাঁদের এই কর্মসূচিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক তৎপরতার অংশ হিসেবে দেখছেন ভোটাররা। পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে তাঁরা স্থানীয় ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছেন।
আসন্ন করাব ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় সমর্থন শেষ পর্যন্ত কে পাচ্ছেন, তা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে। শেষ পর্যন্ত বিএনপি দলীয় সমথর্ন কার ভাগ্যে জুটে তা এখন দেখার বিষয়।
