গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অদূরে ২নং সিএন্ডবি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঝুটের গুদাম থেকে সৃষ্ট আগুনে মসজিদ,মার্কেট দোকানপাট, ঝুট গুদাম, তুলার গুদামসহ ভাঙ্গারী দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিম জানান, বৃহস্পতিবার রাত ৩টা ৫৫মিনিটের দিকে আগুন লাগার খবর আসে। দ্রুত সময়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় পরে আরও একটি এবং রাজেন্দ্রপুর মডার্ণ ফায়ার স্টেশনের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনতে অভিযান চালায়। প্রায় ২ ঘণ্টা চেষ্টা করে ৫টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি জানান, আগুনে ঝুট ও তুলাম গুদাম, সেনেটারী দোকান, কয়েকটি মুরগির দোকান, তুলার গুদাম, ঝুট গুদাম, ভাঙ্গারীর দোকান ও একটি মসজিদ পুড়ে গেছে। প্রাথমিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে তিনি জানান।
