জয়পুরহাটের ক্ষেতলালে ৪২টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অগ্নিনিরাপত্তা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিতভাবে দায়িত্ব পালনের বিষয়ে আলোচনা করা হয়।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রউফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলী হোসেন শাহ, ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসিবুল হাসান, ক্ষেতলাল পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলীম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা এবং আনসার-ভিডিপি কর্মকর্তা শরিফ হোসেন।
এ ছাড়া উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, পল্লী বিদ্যুৎ সমিতির প্রতিনিধি, পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু শ্রী স্বপন কুমার রায় এবং ৪২টি পূজামণ্ডপের উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সভায় অংশ নেন।
সভায় পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অগ্নিদুর্ঘটনা প্রতিরোধ এবং পূজার দিনগুলোতে সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য প্রতিটি পূজামণ্ডপের কমিটিকে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার আহ্বান জানানো হয়।
এমএ
