
চান্দিনায় দ্বিতীয় শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লার চান্দিনায় ২য় শ্রেণির এক মাদ্রাসার ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে ইউছুফ (৬০) নামের স্থানীয় চা দোকানির বিরুদ্ধে। অভিযুক্ত ইউছুফ উপজেলার মাইজখার ইউনিয়নের বামনীখোলা গ্রামের মৃত ছায়েদ আলীর ছেলে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে চান্দিনা থানায় মামলা দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়- গত বুধবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার মাইজখার ইউনিয়নের বামনীখোলা গ্রামে ওই ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুর বাবা বলেন- আমার মেয়ে দুপুরে আমার বাড়ির উঠানে খেলাধুলা করছিল। অভিযুক্ত ইউছুফ আমার প্রতিবেশী। এসময় সে আমার মেয়েকে ডেকে তার দোকানে নিয়ে যায়। বন্ধ দোকানে আমার মেয়ের সাথে জোর করে অনৈতিক কাজ করার সময় সে চিৎকার করলে পরিবারের সদস্যরা এসে তাকে উদ্ধার করে। এসময় অভিযুক্ত ইউছুফ দোকানের দরজা খুলে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী শারমিন আক্তার বলেন- আমি আমার ভাতিজিকে খুজতে খুজতে দোকানের দিকে গেলে সেখানে মেয়ের চিৎকার শোনে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি। এসময় অভিযুক্ত ইউছুফকে দোকান থেকে পালিয়ে যেতে দেখি। পরে বাড়ির সবাইকে ঘটনা জানাই।
স্থানীয় নিলুফা বেগম বলেন- ইউছুফ এর আগে আরও ২/৩ জন শিশুর সাথেও এমন করেছে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।
স্থানীয় রেজাউল আলম সোহেল বলেন- আমরা ঘটনার দিন বিকালে দোকানের কাছে এসে ঘটনাটি জেনেছি। পরে অভিযুক্ত ইউছুফের বাড়িতে গিয়ে শুনি সে অসুস্থ। কিছুক্ষন পর তার ছেলেমেয়েরা অসুস্থ দাবি করে হাসপাতালে নিয়ে যায়।
এব্যাপারে কথা বলতে অভিযুক্ত ইউছুফের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। স্থানীয়রাও তাকে খুঁজে পায়নি।
এঘটনায় চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন- এ ঘটনায় ২২ অক্টোবর থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক। আমরা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি বিনোদন
