ইয়েমেনে সশস্ত্র গোষ্ঠী হুতির সঙ্গে সরকারি বাহিনীর সংঘাতের উত্তাপ ছড়িয়েছে সৌদি আরবেও। দেশটির বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটছে। এতে সৌদির একাধিক বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়েছে এবং হতাহতের ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতির মধ্যে এবার নতুন বিপদের মুখে পড়েছে দেশটি।
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে আগামী শনিবার পর্যন্ত বজ্রঝড়, ভারী বৃষ্টি, আকস্মিক বন্যা ও শিলাবৃষ্টির আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। এ সময় ঘণ্টায় ৬০ কিলোমিটারের বেশি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তীব্র আবহাওয়ার কারণে কোথাও কোথাও টর্নেডো ও জলস্তম্ভ সৃষ্টির আশঙ্কাও রয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) আবহাওয়া কেন্দ্র জানায়, দেশটির অধিকাংশ এলাকায় হালকা থেকে ভারী মাত্রার বজ্রঝড় অব্যাহত থাকতে পারে। এর সঙ্গে প্রবল নিম্নমুখী বায়ুপ্রবাহ ও ধুলাবালির কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে। পাশাপাশি আকস্মিক বন্যার ঝুঁকিও রয়েছে।
আবহাওয়া কেন্দ্রের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, জিজান, আসির, আল বাহা ও মক্কা অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে, মদিনা, তাবুক, আল জাওফ, নর্দার্ন বর্ডারস, হাইল ও নাজরানের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। রিয়াদ অঞ্চলের দক্ষিণাংশ এবং পূর্বাঞ্চলের কিছু এলাকাতেও বৃষ্টি হতে পারে।
পবিত্র নগরী মক্কা এবং তায়েফ, আল জুমুম, বাহরা, মাইসান, আদহাম ও আল আরদিয়াত এলাকায় শনিবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
এদিকে, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত জেদ্দা, রাবিগ ও খুলাইসে হালকা বৃষ্টি হতে পারে। আল লাইথ ও আল কুনফুদাহ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে।
এনসিএম সতর্ক করে বলেছে, বজ্রঝড়ের সময় ঘণ্টায় ৬০ কিলোমিটারের বেশি বেগে প্রবল নিম্নমুখী বায়ুপ্রবাহ সৃষ্টি হতে পারে। এতে ধুলা ও বালু উড়ে সড়কে দৃশ্যমানতা কমে যেতে পারে। একই সঙ্গে আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি এবং উপকূলীয় এলাকায় বড় ঢেউ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। অতিবৃষ্টিপ্রবণ এলাকায় টর্নেডো কিংবা জলস্তম্ভও তৈরি হতে পারে।
প্রাথমিক পূর্বাভাসে বলা হয়েছে, সৌদি আরবের কিছু এলাকায় আগামী সপ্তাহের শেষ পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে। আবহাওয়ার পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সময়ে আরও পূর্বাভাস ও সতর্কতা প্রকাশ করা হবে।
এ পরিস্থিতিতে বাসিন্দা ও গাড়িচালকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আবহাওয়া কেন্দ্র। পাশাপাশি সংস্থাটির ওয়েবসাইট, আনওয়া আবহাওয়া অ্যাপ ও যাচাইকৃত সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে প্রকাশিত পূর্বাভাস ও সতর্কবার্তা অনুসরণ করতে বলা হয়েছে।
/অ
