নিজস্ব প্রতিবেদক · ২৪ অক্টোবর, ২০২৬ ৩:৪৭ অপরাহ্ন
স্বামীর জন্য একটি ভালো চাকরি এবং মানসিক শান্তি কামনা করে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে চিঠি দিয়েছেন এক নারী। নাম-পরিচয়হীন ওই চিঠিতে স্বামীর কর্মসংস্থানের পাশাপাশি তার মানসিক প্রশান্তির জন্য প্রার্থনা করেছেন স্ত্রী।
শনিবার (২৪ অক্টোবর) সকালে মাজারের দানবাক্স ও ডেকচির টাকা পঞ্চমবারের মতো প্রকাশ্যে গণনা করা হয়। এ সময় টাকা ও বৈদেশিক মুদ্রার পাশাপাশি ভক্তদের লেখা বিভিন্ন চিঠিও পাওয়া যায়। এসব চিঠিতে ব্যক্তিগত দুঃখ-কষ্ট, প্রার্থনা ও শুভকামনার কথা তুলে ধরেছেন অনেকে।
এর মধ্যে এক নারীর চিঠিতে উঠে এসেছে স্বামীর চাকরি ও মানসিক শান্তির আকাঙ্ক্ষা। চিঠিতে তিনি লেখেন, ‘হে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি, আপনার উছিলায় আমার আহাল (স্বামী)-উনাকে একটা ভালো চাকরি দিন এবং উনার মানসিক শান্তি দান করুন।’
চিঠিতে ওই নারী নিজের নাম বা ঠিকানা উল্লেখ করেননি। স্বামীর পরিচয় কিংবা তার চাকরির বিষয়ে বিস্তারিত তথ্যও পাওয়া যায়নি।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে গঠিত কমিটির সভায় দানের অর্থ ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত হয়। বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের নেতৃত্বে গঠিত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, দানের অর্থের ৩৫ শতাংশ মাজারের উন্নয়নকাজে ব্যয় করা হবে। বাকি ৬৫ শতাংশ ব্যবহার করা হবে দৈনন্দিন খরচ ও কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধে।
গুগলে আমাদের খবর পেতে
