খাগড়াছড়িতে ৪২০ জন শিক্ষার্থীর মাঝে প্রায় ৪৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) খাগড়াছড়ি পৌর টাউন হলে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত ‘শিক্ষাবৃত্তি ২০২৬’ প্রদান অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া। এতে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা।
চিংহ্লামং মারমার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক আনোয়ার সাদাত, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান ও জেলা পরিষদের সদস্য এম এন আবছার।
সংশ্লিষ্টরা আশা করছেন, এ শিক্ষাবৃত্তি শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়তা, মেধার বিকাশ এবং ঝরে পড়া রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে নিতে এ উদ্যোগ সহায়ক হবে।
অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জেলা পরিষদের সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
