ডেস্ক রিপোটারঃ
বাংলাদেশের জ্বালানি ও অবকাঠামো খাতে দক্ষ জনবল তৈরিতে একসঙ্গে কাজ করবে ব্র্যাক ইউনিভার্সিটি ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)। এ লক্ষ্যে দুই প্রতিষ্ঠান যৌথভাবে পেশাগত ও বিশেষায়িত প্রশিক্ষণ কার্যক্রম চালু করবে। রোববার (১৮ অক্টোবর) রাজধানীর মেরুল বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটির ক্যাম্পাসে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
এর আওতায় দুই প্রতিষ্ঠান যৌথভাবে প্রশিক্ষণ কার্যক্রম তৈরি ও পরিচালনা করবে। ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর এনার্জি অ্যান্ড লজিস্টিকসের (সিইএল) শিক্ষা ও গবেষণার দক্ষতা এবং ইডকলের অবকাঠামো খাতে অর্থায়ন ও টেকসই বিনিয়োগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এসব প্রশিক্ষণ পরিচালিত হবে।
প্রাথমিকভাবে প্রকল্পের অর্থায়ন, আর্থিক মডেল তৈরি, সৌরবিদ্যুৎ প্রকল্পের নকশা ও বাস্তবায়ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সাপ্লাই চেইন ও লজিস্টিকস ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং পরিবেশবান্ধব পদ্ধতির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
সমঝোতা স্মারকের আওতায় শিক্ষা, গবেষণা, পেশাগত দক্ষতা উন্নয়ন, জ্ঞান বিনিময় এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ বাড়ানোর বিষয়েও যৌথভাবে কাজ করবে দুই প্রতিষ্ঠান। বাংলাদেশে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়ছে। ফলে বড় ও জটিল প্রকল্পের পরিকল্পনা, অর্থায়ন এবং বাস্তবায়নে দক্ষ পেশাজীবীর চাহিদাও বাড়ছে।
এ চাহিদা পূরণে বাস্তব কাজের উপযোগী দক্ষতা তৈরি এবং শিল্পখাতের প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠান দুটি। ব্র্যাক ইউনিভার্সিটির ট্রেজারার আরিফুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উদযাপনের এই সময়ে এ ধরনের অংশীদারত্ব তাদের লক্ষ্য অর্জনে সহায়তা করবে।
তিনি বলেন, সিইএলের গবেষণার সক্ষমতা ও ইডকলের বাস্তব অভিজ্ঞতা একসঙ্গে কাজে লাগিয়ে বাংলাদেশের জন্য প্রয়োজনীয় দক্ষ জনবল তৈরি করা সম্ভব হবে। এ দক্ষ জনবল দেশের টেকসই উন্নয়ন ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
The post দক্ষ জনবল তৈরিতে ব্র্যাক ইউনিভার্সিটি ও ইডকলের যৌথ উদ্যোগ appeared first on দৈনিক সবুজ বাংলাদেশ.
