যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা কমে রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। জ্বালানির উচ্চমূল্য ও অর্থনীতি নিয়ে উদ্বেগের কারণে তার দল রিপাবলিকান পার্টিকে নির্বাচনে শাস্তি দিতে পারেন ভোটাররা। রয়টার্স/ইপসোসের এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
সোমবার (১৯ অক্টোবর) শেষ হওয়া চার দিনের এই জরিপ অনুযায়ী, ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের প্রতি সমর্থন জানিয়েছেন মাত্র ৩১ শতাংশ মার্কিন নাগরিক। দুই সপ্তাহ আগের জরিপের তুলনায় এই হার ১ শতাংশ কম। তার দুই মেয়াদের মধ্যে এটিই সর্বনিম্ন সমর্থন।
বিজ্ঞাপন
আগামী ৩ নভেম্বরের কংগ্রেস নির্বাচনে ভোট দেওয়ার বিষয়ে নিবন্ধিত ভোটারদের কাছে জানতে চাওয়া হলে ৪৭ শতাংশ ডেমোক্র্যাটিক পার্টিকে এবং ৩৫ শতাংশ রিপাবলিকান পার্টিকে বেছে নেন। অর্থাৎ, ডেমোক্র্যাটদের চেয়ে রিপাবলিকানদের সমর্থন ১২ শতাংশ পয়েন্ট কম। চলতি নির্বাচনী চক্রে এটিই ডেমোক্র্যাটদের সবচেয়ে বড় ব্যবধান।
এই ফলাফল যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ ও সিনেটে সংখ্যাগরিষ্ঠতা ফিরে পাওয়ার বিষয়ে ডেমোক্র্যাটদের আশাবাদ বাড়াতে পারে। অন্যদিকে, রিপাবলিকানরা কংগ্রেসের যেকোনো একটি কক্ষের নিয়ন্ত্রণ হারালে ট্রাম্পের মেয়াদের শেষ দুই বছরে তার রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন কঠিন হয়ে পড়তে পারে।
বিজ্ঞাপন
কংগ্রেস নির্বাচনে কোন দলকে ভোট দিতে চান, তা জানতে নেওয়া এই ধরনের জরিপকে ‘জেনেরিক ব্যালট’ বলা হয়। এতে দেশজুড়ে ভোটারদের সামগ্রিক মনোভাব বোঝা গেলেও অঙ্গরাজ্য ও নির্বাচনী এলাকাভিত্তিক প্রতিদ্বন্দ্বিতার সব দিক উঠে আসে না। সিনেট ও প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নির্ধারণে এসব স্থানীয় প্রতিদ্বন্দ্বিতা গুরুত্বপূর্ণ। কিছু কাঠামোগত সুবিধা এখনো রিপাবলিকানদের পক্ষে রয়েছে।
দুই সপ্তাহ আগের রয়টার্স/ইপসোসের জরিপে ডেমোক্র্যাটরা ৪৪ শতাংশ এবং রিপাবলিকানরা ৩৭ শতাংশ ভোটারের সমর্থন পেয়েছিল। অর্থাৎ, ডেমোক্র্যাটদের ব্যবধান তখন ছিল ৭ শতাংশ পয়েন্ট, যা এখন বেড়ে ১২ শতাংশ পয়েন্ট হয়েছে।
জরিপে দেখা গেছে, নারী ভোটারদের মধ্যে ডেমোক্র্যাটদের প্রতি সমর্থন বৃদ্ধিই রিপাবলিকানদের জনপ্রিয়তা কমার অন্যতম কারণ। নারী ভোটারদের ৫০ শতাংশ ডেমোক্র্যাটদের ভোট দেওয়ার কথা জানিয়েছেন। অন্যদিকে, রিপাবলিকানদের পক্ষে মত দিয়েছেন ৩২ শতাংশ নারী। পুরুষ ভোটারদের মধ্যেও ডেমোক্র্যাটরা এগিয়ে থাকলেও ব্যবধান তুলনামূলক কম।
বিজ্ঞাপন
গত ফেব্রুয়ারিতে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে সামরিক হামলার নির্দেশ দেওয়ার পর থেকেই ট্রাম্পের জনপ্রিয়তায় চাপ তৈরি হয়েছে। ওই যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বেড়ে যায়, যা সাধারণ মানুষের পারিবারিক ব্যয়ে চাপ সৃষ্টি করে।
জরিপে অংশ নেওয়া ৬৮ শতাংশ মার্কিন নাগরিক অর্থনীতি পরিচালনায় ট্রাম্পের ভূমিকার প্রতি অসন্তোষ জানিয়েছেন। তাদের মধ্যে ৩৭ শতাংশ নিজেদের রিপাবলিকান দলের সমর্থক বলে পরিচয় দিয়েছেন।
বিজ্ঞাপন
অর্থনীতি পরিচালনায় কোন দল বেশি সক্ষম—এমন প্রশ্নে ডেমোক্র্যাটদের বেছে নিয়েছেন ৪০ শতাংশ ভোটার। অন্যদিকে, রিপাবলিকানদের পক্ষে মত দিয়েছেন ৩৩ শতাংশ।
সূত্র: রয়টার্স
এমএসএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
