গোপালগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় আবারও প্রমাণিত হলো আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন—এমন মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। শনিবার বিকেলে সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
আবু হানিফ পোস্টে বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর নারকীয় হামলা চালিয়েছিল আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন। এত হত্যাযজ্ঞ চালিয়েও ক্ষমতা টিকিয়ে রাখতে পারেনি তারা। অবশেষে ছাত্র-জনতার আন্দোলনের মুখে বাধ্য হয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শুধু শেখ হাসিনাই নন, আওয়ামী লীগের অনেক নেতাও বিদেশে পালিয়ে যান। এসব পলাতক নেতা নানাভাবে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়াচ্ছেন এবং হুমকি-ধামকি দিচ্ছেন। যদিও বাস্তবে তাদের দেশে ফেরার কোনো সুযোগ নেই।’
তিনি আরও বলেন, আজ গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালান এবং পুলিশের গাড়ি ভাঙচুর করেন। এতে পুলিশের দুই সদস্য আহত হন। গোপালগঞ্জে পুলিশের ওপর এই হামলার ঘটনায় আবারও প্রমাণ হলো যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। তারা যে একটি সন্ত্রাসী সংগঠন, তা বার বার প্রমাণ দিচ্ছে। নিষিদ্ধ আওয়ামী লীগের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানাচ্ছি।"
