উদয়ের জন্মদিনে মনের কথা ভাগ অনামিকারছবি: Facebook
Published on
:
1 min read
টেলিভিশনে নানা চরিত্রে বছরভর দেখা যায় তাঁদের। তবে কাজের চূড়ান্ত ব্যস্ততার মধ্যেও পরিবারের সঙ্গে যতটুকু সময় কাটানো যায়, সেই চেষ্টায় খামতি রাখেন না অনামিকা ও উদয়। অভিনেতার জন্মদিন বলে কথা। ভালোবাসার মানুষের মুখে হাসি ফোটাতে মন ছুঁয়ে যাওয়া পোস্ট স্ত্রী অনামিকার।
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে বুক ভরা ভালোবাসা জানিয়ে অনামিকা লিখেছেন, ‘তোমায় কখনও বুড়ো হতে না দেওয়ার ইচ্ছেটা আমার চিরকাল থেকে যাবে। আমি জানি হয়তো সবাইকে থামাতে পারব না। তবে তোমার ভিতরের শিশুটি যেন কখনও হারিয়ে না যায়। তার অন্যতম কারণ হওয়ার চেষ্টা আমি করতে পারি।’
তিনি আরও লেখেন, ‘যত বুড়ো হচ্ছি, তত বুঝতে পারছি তুমি আমার কাছে ঠিক কতটা মূল্যবান এবং আমার জীবনে তোমার গুরুত্ব ঠিক কতটা। তুমি এমনই থেকো। তোমার সুন্দর হৃদয় ও শিশুসুলভ হাসি চিরকাল বজায় রেখো। এটাই তোমাকে তুমি করে তুলেছে। যত দিন আমি আছি তোমার জীবনে কোনও কিছুর অভাব হবে না। এটাই আমার প্রতিশ্রুতি।’
একদিকে, ‘পরিণীতা’ ধারাবাহিকে অভিনয় করছেন উদয়, অন্য দিকে, ‘গঙ্গা’য় একজন মানসিক বিকারগ্রস্ত চরিত্রে অভিনয় করছেন অনামিকা। দীর্ঘ দিন পরে আবারও কাজে ফিরেছেন অভিনেত্রী। তাঁকে পর্দায় ফিরতে দেখে আপ্লুত অনুরাগীরাও।
