ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জনকে হত্যার দায়ে দণ্ডিত সাবেক মার্কিন সেনা কর্মকর্তা নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচারের পরিকল্পনা থেকে সরে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বলে জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ সিদ্ধান্তের কথা জানান। এর আগে হাসানের মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচারের পরিকল্পনায় সম্মতি দিয়েছিলেন তিনি। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহল, সামরিক কর্মকর্তা ও বিভিন্ন পক্ষের সমালোচনার মুখে শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন করলেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প তার পোস্টে বলেন, মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচার করা হলে তা বিশ্বকে সন্ত্রাসীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পর্কে কঠোর বার্তা দিতে পারত। তবে অনেক শুভাকাঙ্ক্ষী ও সদুদ্দেশ্যসম্পন্ন মানুষ হাসানের মৃত্যুর দৃশ্য দেখতে চান না বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সও এ পরিকল্পনা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। তিনি জানিয়েছিলেন, মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করা হলেও তিনি তা দেখবেন না।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ৭২ জন অবসরপ্রাপ্ত জেনারেল, অ্যাডমিরাল ও জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা মৃত্যুদণ্ডের দৃশ্য সরাসরি সম্প্রচারের পরিকল্পনা বাতিলের দাবি জানান। তারা এ ধরনের সম্প্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রেসিডেন্ট, কংগ্রেসের প্রতিনিধি ও সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান জানান।
২০০৯ সালে টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে গুলি চালিয়ে ১৩ জনকে হত্যা এবং আরও ৩২ জনকে আহত করার দায়ে দোষী সাব্যস্ত হন সাবেক সেনা কর্মকর্তা ও মনোরোগ বিশেষজ্ঞ নিদাল হাসান। তার মৃত্যুদণ্ড কার্যকরের তারিখ আগামী ৩ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ঘোষণা অনুযায়ী, টেক্সাসের ফোর্ট হুডে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে তার মৃত্যুদণ্ড কার্যকর করার কথা রয়েছে।
