শেষ ওয়ানডেতে আফগানিস্তানের কাছে হেরে সিরিজে ড্র করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ওমানের আল আমেরাত স্টেডিয়ামে গতকাল চতুর্থ ও শেষ ম্যাচে চার উইকেটে হেরে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে চার ম্যাচের ওয়ানডে সিরিজ ড্র করেছে বাংলাদেশ।
প্রথম দুই ম্যাচে জয়ের পর সিরিজ জয়ের সম্ভাবনায় এগিয়ে ছিল বাংলাদেশ। তবে শেষ দুই ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জয়ের স্বপ্ন ভেঙে দেয় আফগানিস্তান।
প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক ফরিদ হাসানের একক লড়াইয়ে ৯ উইকেটে ২১৯ রান সংগ্রহ করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। অন্য ব্যাটসম্যানদের হতাশাজনক পারফরম্যান্সের দিনে ফরিদ ১৪৫ বলে চারটি বাউন্ডারির সাহায্যে ৮২ রান করেন।
দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করে করেন আলামিন হোসেন রনি ও রবিউল ইসলাম অনিক। আফগানিস্তানের আমির হামজা ও সোহেল খান তিনটি করে উইকেট নেন।
টার্গেট তাড়া করতেনেমে ৪৮.১ ওভারে ৬ উইকেটে ২২২ রান তুলে জয় নিশ্চিত করে আফগানিস্তান। ফলে চার ম্যাচের সিরিজটি ২-২ এ ড্র হয়।
আফগানিস্তানের হয়ে তাহির সারওয়ারি অপরাজিত ৬৭ রান করে দলের জয় নিশ্চিত করেন। তাকে দারুণভাবে সহায়তা করেন ৬০ রান করা সুবহান জাখাইল। বাংলাদেশ যুব দলের হয়ে আল আমিন হোসেন দুই উইকেট নেন।