পটুয়াখালীতে হত্যা মামলার পলাতক প্রধান অভিযুক্ত মো. আব্বাসকে ঢাকার কুড়িল ফ্লাইওভার এলাকা থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮ ও এসআরবি-১-এর যৌথ আভিযানিক দল।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার এসআরবি-৮-এর বরিশাল সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার আব্বাস পটুয়াখালী জেলার উত্তর বাজারঘোনা এলাকার বাসিন্দা।
এসআরবি-৮-এর বরিশাল সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠু মামলার এজাহারের বরাত দিয়ে জানান, গত ৭ অক্টোবর পটুয়াখালী ইপিজেড মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের খেলোয়াড়দের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
এর জেরে বিরোধ মীমাংসার কথা বলে স্থানীয় বাসিন্দা আকাশ ও তাঁর চাচাতো ভাই রুবেল সিকদারকে নিজের বাড়িতে নিয়ে যান মো. আব্বাস। পরে রুবেলকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হলেও আকাশ নিখোঁজ থাকেন।
পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে গত ৯ অক্টোবর রাত ১১টার দিকে পটুয়াখালী সদর থানার পশ্চিম আউলিয়াপুর এলাকায় ইপিজেডের সামনে মহাসড়কের পাশ থেকে আকাশের মরদেহ উদ্ধার করেন। তাঁর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন ছিল।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে পটুয়াখালী সদর থানায় একটি হত্যা মামলা করা হয়। ঘটনার পর প্রধান অভিযুক্ত আব্বাসকে গ্রেপ্তারে অভিযান শুরু করে এসআরবি।
এরই ধারাবাহিকতায় এসআরবি-৮ ও এসআরবি-১-এর যৌথ আভিযানিক দল বুধবার বিকেলে ঢাকার কুড়িল ফ্লাইওভার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকার এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়।
