রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের সব পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত ঘোষণা করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে সাজেক সড়কে অবরোধ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে পর্যটনকেন্দ্রগুলো উন্মুক্ত করার কথা জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১১ অক্টোবর জারি করা জরুরি গণবিজ্ঞপ্তির নির্দেশনা পরিবর্তন করে সাজেকের সব পর্যটনকেন্দ্র পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করা হলো।
এর আগে, সাজেক সড়কে অবরোধ কর্মসূচির ঘোষণার পরিপ্রেক্ষিতে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে জেলা প্রশাসন সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিল। পরে বৃহস্পতিবার নতুন গণবিজ্ঞপ্তির মাধ্যমে পর্যটনকেন্দ্রগুলো উন্মুক্ত করে দেওয়া হয়।
এদিকে, সশস্ত্র জেএসএস সদস্যদের সরিয়ে নেওয়াসহ তিন দফা দাবি পূরণে প্রশাসনের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ার অভিযোগে ১৫ অক্টোবর থেকে পুনরায় সাজেক সড়কে অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন।
তবে শারদীয় দুর্গাপূজার প্রতি সম্মান জানিয়ে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত রাখার ঘোষণা দেয় সংগঠন দুটি।
জেলা প্রশাসনের পক্ষ থেকে সাজেকের সব পর্যটনকেন্দ্র উন্মুক্ত করা এবং একই দিনে অবরোধ প্রত্যাহারের ঘোষণায় সেখানে পর্যটন কার্যক্রম স্বাভাবিক হওয়ার পথ তৈরি হয়েছে।
