আগের ম্যাচের ব্যাটিং ব্যর্থতার পর ওপেনার তানজিদ হাসান তামিম বলেছিলেন ‘ব্র্যান্ডের’ ক্রিকেট খেলার কথা। কিন্তু মাঠে দেখা গেল সেই পুরোনো চিত্র। দুই ওভার না যেতেই দুই উইকেট নেই বাংলাদেশের। ফিরেছেন তামিম নিজেও।
আজ বুধবার (২১ অক্টোবর) আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে এই রিপোর্ট লেখা পর্যন্ত ২ ওভারে ২ উইকেট হারিয়ে ৮ রান তুলেছে বাংলাদেশ। ২ বলে ২ রানে সাইফ হাসান আর ৩ বলে ১ রানে অপরাজিত আছেন নাজমুল হোসেন শান্ত।
ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে এসেছেন আফগান পেসার ইয়ামিন। তার করা দ্বিতীয় বলে বাইরে বের হয়ে যাওয়ার আগে তামিমের ব্যাচ ছুঁয়ে গিয়ে জমা হয় উইকেটরক্ষক রহমানুল্লাহ গুরবাজের হাতে। ৬ বলে ১ রান করেই সাজঘরের পথ দেখেন তামিম।
এরপর তিন নম্বরে ব্যাটিংয়ে নেমেছিলেন সৌম্য সরকার। এক বলের বেশি উইকেটে থাকতে পারলেন না তিনি। ইয়ামিনের করা অনেকটা বাইরের বল ভেতরে টেনে এনে প্রথম বলেই বোল্ড হয়ে ফিরছেন সৌম্য। এর আগে প্রথম ম্যাচেও ১৭ বল খেলে ৯ রান করেছিলেন তিনি।
একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ
ফাইনালে যেতে বাঁচা-মরার ম্যাচে একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। নুরুল হাসান সোহানের পরিবর্তে একাদশে ঢুকেছেন পারভেজ হোসেন ইমন, মোসাদ্দেক হোসেন পরিবর্তে মেহেদী হাসান মিরাজ। আর রিশাদের পরিবর্তে ওয়ানডে দলে অভিষেক হলো আলিস আল ইসলামের।
বাংলাদেশের একাদশ
তাওহীদ হৃদয় (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন, আলিস আল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
ফাইনালে যেতে আফগানিস্তানের বিপক্ষে আগে ব্যাটিং করবে বাংলাদেশ
প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে হেরে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল খেলা কঠিন করে তুলেছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি এখন রূপ নিয়েছে অলিখিত সেমিফাইনালে। এমন ম্যাচে টস জিতে ব্যাটিং করবে বাংলাদেশ। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তাওহীদ হৃদয়।
