নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে ময়মনসিংহ প্রেস ক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাকর্মী এবং গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
আরো পড়ুন: নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা
মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিককে গুলি করে হত্যা করার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার জন্য বড় হুমকি। আলিফ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি হত্যাকাণ্ডের পেছনে কোনো পরিকল্পনা বা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখে প্রকৃত ঘটনা উদ্ঘাটনেরও দাবি জানান তারা।
বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিক যেন হামলা, নির্যাতন কিংবা হত্যার শিকার না হন, সে জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। সাংবাদিকদের ওপর সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত করা না গেলে এ ধরনের ঘটনা আরো বাড়ার আশঙ্কা রয়েছে।
সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম আইয়ুব আলী, ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি অমিত রায়, টেলিভিশন রিপোর্টাস ইউনিটির সভাপতি বাবুল হোসেন, নিউজ চ্যানেল জানালিস্ট এসোসিয়েশনের সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক এএসএম হোসাইন শাহীদ, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শাহ আলম উজ্জ্বল, সাংবাদিক নিয়ামুল কবীর সজলসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
