Published : 17 Oct 2026, 09:57 PM
Updated : 17 Oct 2026, 09:57 PM
ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মণি।
তিনি বলেন, “মায়েদের নামে ফ্যামিলি কার্ড হবে। মায়েরাই এটা ভোগ করবেন। মায়েদের দুইটা সন্তানসহ তালাক দিবা, সেই সুযোগ আর নাই। তালাক বন্ধ করেছে এই ফ্যামিলি কার্ড।”
শনিবার বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম মণি বলেন, “এখন জামাইয়ের ভাত খাইতে হইলে ওই মহিলার কাছে আসতে হবে। সেই কাজটা করেছেন তারেক রহমান সাহেব। এটা ভালো কাজ না মন্দ কাজ, আপনারা বলেন। যদি ভালো হয়, আপনারা বড় করে লেখেন। ভালো কাজগুলো বারবার একটু মনে করিয়ে দিয়েন আপনারা।”
সভায় বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে চিফ হুইপ বলেন, ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তির টাকা দিয়ে দেশে পাঁচটি বিদ্যুৎকেন্দ্র করা যেত। সরকারকে বেকায়দায় ফেলতে একটি চক্র জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করেছিল বলেও অভিযোগ করেন তিনি।
সাম্প্রদায়িক সম্প্রীতি প্রসঙ্গে নুরুল ইসলাম মণি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বার্তা হলো, “বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই। ধর্ম যার যার, রাষ্ট্র সবার।” গত দুই বছরে দেশে কোনো প্রতিমা বা মূর্তি ভাঙার ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তিনি।
আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাহমুদুল হোসাইন অলি উল্লাহ, জেলা প্রশাসক তাসলিমা আক্তার, পুলিশ সুপার কুদরত খুদা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা উপস্থিত ছিলেন।
পরে চিফ হুইপ বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় যোগ দেন। সেখানে তিনি হাসপাতালের জনবলসংকট সমাধানের আশ্বাস দেন। এরপর পৌর এলাকার কড়ইতলা খাল খননকাজের উদ্বোধন করেন তিনি।
