কালবেলা · বিনোদন
শাকিবের ‘মহব্বত’ সিনেমার রাইটার কনটেন্ট ক্রিয়েটর রাশেদুজ্জামান রাকিব
১৩/১০/২০২৬

সিনেমা নিয়ে এতদিন পর্দার বাইরে থেকে কথা বলেছেন, করেছেন বিশ্লেষণ, দিয়েছেন নিজের মতামত। এবার সেই সিনেমারই রাইটার হিসেবে যুক্ত হচ্ছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও চলচ্চিত্র সমালোচক রাশেদুজ্জামান রাকিব। দর্শকমহলে যিনি পরিচিত ‘আরএনআর’ নামে।
শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘মহব্বত’। এর রাইটার হিসেবে যুক্ত হয়েছেন রাশেদুজ্জামান রাকিব। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা হিমেল আশরাফ। একটি পোস্টার শেয়ার করে অফিসিয়ালি জানান আরশাদ আদনান প্রযোজিত এই সিনেমার রাইটার হিসেবে থাকছেন জনপ্রিয় এই চলচ্চিত্র বিশ্লেষক।
বাংলা সিনেমার দর্শকদের কাছে আরএনআর নামটি নতুন নয়। সিনেমার গল্প, নির্মাণ, অভিনয় কিংবা চলচ্চিত্রের নানা অসংগতি নিয়ে তার বিশ্লেষণ নিয়মিতই আলোচনায় আসে। ডিজিটাল প্ল্যাটফর্মে সিনেমা নিয়ে কথা বলে যে পরিচিতি তৈরি করেছেন, এবার সেই অভিজ্ঞতাকে চলচ্চিত্রের সৃজনশীল কাজে লাগানোর সুযোগ পাচ্ছেন তিনি।
তবে সিনেমা পর্যালোচনা আর রাইটার হিসেবে কাজ করা—দুটির ধরন এক নয়। একটি সিনেমা দেখে তার ভালো-মন্দ তুলে ধরা যেমন এক ধরনের দক্ষতা, তেমনি একটি গল্পকে পর্দায় উপস্থাপনের উপযোগী করে তোলা আরেকটি বড় চ্যালেঞ্জ। চরিত্র নির্মাণ, সংলাপ, গল্পের গতি এবং দর্শকের আগ্রহ ধরে রাখার মতো বিষয়গুলোই শেষ পর্যন্ত নির্ধারণ করে একটি চিত্রনাট্যের শক্তি।
এখন প্রশ্ন হচ্ছে, সিনেমা নিয়ে যিনি এতদিন নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন, এবার তার কলমে কেমন গল্প পেতে যাচ্ছেন দর্শক? শাকিব খানের মতো জনপ্রিয় তারকাকে কেন্দ্র করে নির্মিত ‘মহব্বত’ নিয়ে এমনিতেই রয়েছে আগ্রহ। তার সঙ্গে যুক্ত হয়েছে আরএনআরের নতুন দায়িত্ব। ফলে সিনেমাটি ঘিরে বেড়েছে দর্শকের কৌতূহল ।
সিনেমা নিয়ে কথা বলা থেকে সিনেমার রাইটার হিসেবে—আরএনআরের এই যাত্রা নিঃসন্দেহে তার ক্যারিয়ারে নতুন অধ্যায়। এখন দেখার বিষয়, পর্দার বাইরের সেই চলচ্চিত্র বিশ্লেষকের ভাবনা ‘মহব্বত’-এর গল্পে কতটা নতুন মাত্রা যোগ করতে পারে।
মূল প্রতিবেদনে যান ↗