৩৬তম বর্ষে নৈহাটি বিজয়নগরের কালীতলা অধিবাসী উন্নয়ন সমিতির পুজোEi Samay
Published on
:
1 min read
এই সময়, নৈহাটি: শুধুমাত্র চোখধাঁধানো আলোকসজ্জা বা থিমের চাকচিক্য নয়, সামাজিক দায়বদ্ধতা ও উৎসবের মেলবন্ধনে ৩৬তম বর্ষে পদার্পণ করল নৈহাটি বিজয়নগরের কালীতলা অধিবাসী উন্নয়ন সমিতির দুর্গাপূজা।
তৃতীয়ায় মহিলাদের শঙ্খধ্বনি, উলুধ্বনি ও গঙ্গাজল ছিটিয়ে বরণের মাধ্যমে মণ্ডপে প্রতিমা প্রতিষ্ঠা করা হয়। তবে এই পুজোর মূল আকর্ষণ তাদের বছরভর জনমুখী কর্মকাণ্ড। এ বারও সমিতির উদ্যোগে আয়োজিত হয়েছে রক্তদান শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা। সম্পাদক আশিস মৈত্রের পরিচালনায় ডেঙ্গি সচেতনতা শিবির ও পথ নিরাপত্তা প্রচারে বিশেষ জোর দেওয়া হয়েছে। সম্প্রতি ক্যান্সারে আক্রান্ত স্থানীয় নরেন্দ্র বিদ্যানিকেতনের সপ্তম শ্রেণীর ছাত্র রাজদীপ বসুর চিকিৎসার স্বার্থে মুম্বইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে সমিতির ২৬ জন সদস্য রক্তদান করেছেন এবং পরিবারের হাতে তুলে দিয়েছেন আর্থিক সহায়তা।
এই উদ্যোগের অন্যতম চালিকাশক্তি প্রবীণ নাগরিকরা। সমিতির সভাপতি ৯৭ বছর বয়সী অখিল রঞ্জন দাস এবং সহ-সভাপতি ৮৪ বছরের সুকুমার ভদ্রর সক্রিয় উপস্থিতি ও মার্গদর্শন তরুণ প্রজন্মকে প্রতিনিয়ত অনুপ্রেরণা জোগায়। গোবিন্দ নন্দী, অমিত দাস, অতীন গুপ্ত, শম্ভু ঘোষ ও চন্দ্রশেখর রায়ের মতো প্রবীণদের ছায়াসঙ্গী করে মানবিকতার অনন্য বার্তা নিয়ে এ বারও উৎসবের আঙিনায় প্রস্তুত কালীতলা।
