যা অনুমান করা হচ্ছিল, তার চেয়েও বেশি হারে বৃদ্ধি পাবে ভারতের অর্থনীতি। এমনটাই আভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রাভান্ডার (আইএমএফ)। এর আগে আইএমএফ জানিয়েছিল, চলতি অর্থবর্ষে ৬.৪ শতাংশ হারে বৃদ্ধি পেতে পারে ভারতের জিডিপি। এ বার তাদের অনুমান, আগের পূর্বাভাসকে ছাপিয়ে তা ৭ শতাংশ হারে বাড়তে পারে।
আগামী বছরেও দেশের অর্থনীতির বৃদ্ধির হার আগের অনুমানের চেয়ে বেশি হতে পারে বলে মনে করছে আন্তর্জাতিক মুদ্রাভান্ডার। আইএমএফ আগে জানিয়েছিল, ২০২৭-২৮ সালে দেশের অর্থনৈতিক বৃদ্ধির বার ৬.৭ শতাংশ হতে পারে। এ বার অক্টোবর মাসের ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’-এ তারা জানিয়েছে, আগামী বছরেও ভারতের অর্থনীতি ৭ শতাংশ হারে বাড়তে পারে। অর্থাৎ, পর পর দু’বছর দেশের অর্থনৈতিক বিকাশের গতি ভাল থাকতে পারে বলে ইঙ্গিত মিলছে আইএমএফ-এর পূর্বাভাসে।
বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ এবং সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামে অস্থিরতা তৈরি হয়েছে। তার ফলে একাধিক দেশের অর্থনীতি ধাক্কা খেয়েছে। তবে এই ভূরাজনৈতিক অস্থিরতার মাঝেও ভারত নিজের অর্থনীতির বিকাশের গতি ধরে রাখতে পেরেছে। আইএমএফ-এর অনুমান, অভ্যন্তরীণ বাজারে স্থিতিশীল চাহিদা এবং পরিষেবা খাতে কিছু পোক্ত পদক্ষেপের ফলেই নিজের অর্থনীতির বিকাশের গতি ধরে রাখতে সফল হয়েছে ভারত। যদিও ২০২৫-২৬ অর্থবর্ষের তুলনায় এই বৃদ্ধির হার কিছুটা কম। ২০২৫-২৬ অর্থবর্ষে দেশের অর্থনীতি ৭.৮ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছিল।
আইএমএফ জানিয়েছে, চলতি অর্থবর্ষে বিশ্বের সার্বিক অর্থনীতির বিকাশের গতি হতে পারে ৩.১ শতাংশ, যা আগের অনুমানের (৩ শতাংশ) চেয়ে সামান্য বেশি। আগামী অর্থবর্ষে তা আবার কিছুটা বেড়ে ৩.৪ শতাংশ হতে পারে বলে অনুমান আন্তর্জাতিক মুদ্রাভান্ডারের।
