বন্দরের পরিচালন দক্ষতা বৃদ্ধি, দ্বিপাক্ষিক মেরিটাইম সহযোগিতা এবং আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জ্যোরিস ভ্যান বোমেলের নেতৃত্বে ডাচ মেরিটাইম খাতের একটি প্রতিনিধি দল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন।
বুধবার (১৪ অক্টোবর) সকালে প্রতিনিধি দলটি বন্দরের ওয়ান স্টপ সার্ভিস ভবনে আসলে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
এরপর বন্দর চেয়ারম্যানের সাথে ডাচ প্রতিনিধি দলটি সৌজন্য সাক্ষাৎ ও আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। বৈঠকে বন্দর চেয়ারম্যান নেদারল্যান্ডস প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে বন্দরের সাম্প্রতিক সময়ের অর্জনের বিষয়ে অবগত করেন।
বিশেষ করে বন্দরের পূর্ণাঙ্গ অটোমেশন ও ডিজিটালাইজেশনের মাধ্যমে পেপারলেস পোর্ট কার্যক্রম, প্রথমবারের মতো পোর্ট কমিউনিটি সিস্টেম (সিপিএ স্কাই) চালু, ওয়ান-স্টপ সার্ভিসের আওতায় অনলাইন বিলিং, পেমেন্ট ও ডেলিভারি কার্যক্রম এবং বন্দরের টার্মিনালে বিদেশি অপারেটর নিয়োগ বিষয়ে আলোচনা করেন।
নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত চট্টগ্রাম বন্দরের সাথে নেদারল্যান্ডসের ঐতিহাসিক বাণিজ্যিক ও মেরিটাইম সম্পর্কের কথা স্মরণ করেন এবং ভবিষ্যতে প্রযুক্তিগত ও কৌশলগত অংশীদারত্ব আরও সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে মেরিটাইম অ্যান্ড অফশোর এনএলের ট্রেড প্রমোশন ম্যানেজার পিটার ওডস কুইপার্স 'ডাচ মেরিটাইম এক্সপার্টাইজ অ্যান্ড সলিউশনস' শীর্ষক বিশেষ প্রেজেন্টেশন উপস্থাপন করেন। একইসাথে প্রতিনিধি দলে থাকা শীর্ষস্থানীয় ডাচ প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা চট্টগ্রাম বন্দরের সার্বিক দক্ষতা বৃদ্ধি, গ্রিন পোর্ট উদ্যোগ ও আধুনিক পোর্ট ম্যানেজমেন্ট ব্যবস্থায় তাঁদের প্রস্তাবনা তুলে ধরেন।
প্রশ্নোত্তরের পর্বে বন্দর ও ডাচ প্রতিনিধি দলের মধ্যে ড্রেজিং, লজিস্টিকস এবং টার্মিনাল অপারেশন নিয়ে আলোচনা সম্পন্ন হয়েছে। প্রতিনিধি দলটি বন্দরের অপারেশানাল কার্যক্রম পর্যবেক্ষণ করতে বন্দরের বিভিন্ন ইয়ার্ড ঘুরে দেখেন এবং সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।
দ্বিপাক্ষিক আলোচনা ও মতবিনিময় সভায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য, প্রকল্প পরিচালক, বিভাগীয় প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
