নেত্রকোনা সদরের মৌগাতী ইউনিয়নের চুচুয়া বাজারে গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে দুটি মোটরসাইকেল ও বেশ কিছু নথিপত্র পুড়ে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল বুধবার ভোরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং প্রায় ১০ লাখ টাকার সম্পদ রক্ষা করে। ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন জানান, প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকে আগুন লাগার ধারণা করা হলেও পুলিশ ঘটনাস্থল থেকে ভাঙা জানালা ও খালি বোতল উদ্ধার করেছে। ওসি আবুল খায়ের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।