২৫ অক্টো, ২০২৬ ৪:৪১:১৪ অপরাহ্ণ | ক্যাটাগরি: রাজনীতি
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পূর্ণকালীন প্রশাসক হিসেবে ডা. শাহাদাত হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন, ২০২৬-এর ৪ ধারা অনুযায়ী তাকে এই দায়িত্ব প্রদান করা হয়। রোববার (২৫ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব জুয়েল রানা।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, চট্টগ্রাম সিটি করপোরেশন নতুনভাবে গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী সরকারি নির্দেশনা না আসা পর্যন্ত ডা. শাহাদাত হোসেন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। উক্ত আইনের ৪ ধারার ৩ উপধারা অনুযায়ী তিনি মেয়রের ক্ষমতা প্রয়োগ করবেন এবং দায়িত্ব পালন করবেন। একইসঙ্গে বিধি অনুযায়ী তিনি মাসিক সম্মানী ও অন্যান্য সুবিধা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। প্রসঙ্গত, ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চসিক নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে মামলা করেছিলেন ডা. শাহাদাত। পরবর্তীতে জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে ২০২৪ সালের ১ অক্টোবর আদালত তাকে মেয়র পদে বিজয়ী ঘোষণা করে রায় প্রদান করেন।
সংবাদচর্চা.কম-এ প্রকাশিত/প্রচারিত কোন কন্টেন্ট (সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও) বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।
