আরজে মিটে
-->যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ ওয়াল্টার হোয়াইট জুনিয়র চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেতা আরজে মিট মারা গেছেন। তার বয়স হয়েছিল ৩৪ বছর।
সোমবার (১২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ব্রাউনসভিলে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন তার প্রতিনিধিরা।
তবে মৃত্যুর কারণ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। মৃত্যুর ঘটনা নিয়ে তদন্ত চলছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম টিএমজেড জানায়, স্থানীয় এক কর্মকর্তার বরাতে অভিনেতার মৃত্যুর খবর পাওয়া গেছে।
সংবাদমাধ্যমটি মৃত্যুর কারণ হিসেবে আত্মহত্যার কথা উল্লেখ করলেও তার প্রতিনিধিরা এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য দেননি।
আরজে মিটের প্রতিনিধিরা এক বিবৃতিতে বলেন, ‘গভীর দুঃখের সঙ্গে আমরা প্রিয় অভিনেতা, সমাজসেবী ও প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারের একনিষ্ঠ প্রবক্তা আরজে মিটের মর্মান্তিক মৃত্যুর খবর জানাচ্ছি।’
তারা আরও বলেন, এএমসির সমালোচকদের প্রশংসিত ও পুরস্কারজয়ী ধারাবাহিক ‘ব্রেকিং ব্যাড’-এ ওয়াল্টার ‘ফ্লিন’ হোয়াইট জুনিয়র চরিত্রে অভিনয়ের জন্য মিট সবচেয়ে বেশি পরিচিত ছিলেন। সেরিব্রাল পালসি নিয়ে নিজের জীবনযাপনের অভিজ্ঞতা তার অভিনয়ে বাস্তবতা এনে দিয়েছিল। একই সঙ্গে তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, সচেতনতা ও অন্তর্ভুক্তি নিয়ে কাজ করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম গড়ে তুলেছিলেন।
অভিনয়ের বাইরেও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন মিট। তিনি ইউনাইটেড সেরিব্রাল পালসি এবং শ্রাইনার্স চিলড্রেনসের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছেন। প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্ব ও অধিকার প্রতিষ্ঠায় তার ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য।
২০০৮ সালে প্রচার শুরু হওয়া ‘ব্রেকিং ব্যাড’ ধারাবাহিকে ওয়াল্টার হোয়াইটের ছেলের চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে দর্শকদের কাছে পরিচিত হয়ে ওঠেন মিট। বাস্তব জীবনেও তার সেরিব্রাল পালসি ছিল। নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি পর্দায় প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনকে আরও বাস্তবসম্মতভাবে তুলে ধরতে সাহায্য করেন। সূত্র: টিএমজেড
অমিয়/
