পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় মো. জোবায়দুল ইসলাম (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে উপজেলার শরৎনগর রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জোবায়দুল ইসলাম ভাঙ্গুড়া উপজেলার খাঁপাড়া এলাকার বাসিন্দা। তিনি মো. শিরসা খাঁর ছেলে। পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, গত এক বছর ধরে তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে শরৎনগর রেলস্টেশনে রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি রেললাইনের পাশে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানান স্থানীয়রা।
পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাঁকে মৃত অবস্থায় ঘটনাস্থল থেকে নিজ বাড়িতে নিয়ে যান।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল ইসলাম জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ উদ্ধার তৎপরতা শুরু করেছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে নিহত যুবকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এমএ
