Published on
:
2 min read
পুজোর কয়েক দিন লুচি, বিরিয়ানি, মাটন, ইলিশের মধ্যেই ছিলেন। তার সঙ্গে মাঝেমধ্যে মদ্যপানও করেছেন। এ বার কাজে ফেরার পালা। কিন্তু পেট আর সঙ্গ দিচ্ছে না। ভুগতে হচ্ছে বদহজম, কোষ্ঠকাঠিন্যে। যদিও এই সমস্যা বাঙালির কাছে নতুন নয়। কিন্তু উৎসবের পরে পেটের হাল না ফেরালে বিপদ আরও বাড়বে। কী ভাবে পেটের সমস্যা কমাবেন? রইল টিপস।
অল্প অল্প করে খান
পুজোর কয়েক দিন খাওয়াদাওয়ারও কোনও সময় ছিল না। এ বার ঘড়ি ধরে ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনার করুন। তবে একসঙ্গে অনেকটা খাবার খাবেন না। অল্প অল্প করে খান। ধীরে ধীরে চিবিয়ে খাওয়ার অভ্যাস করুন। এতে অতিরিক্ত খেয়ে ফেলার প্রবণতা কমবে এবং বদহজমও এড়ানো যাবে।
রাখুন হাতের কাছে আদা, মৌরি ও জোয়ান
নিয়মিত ভাজাভুজি, ক্যালোরি যুক্ত খাবার খেলে ব্লোটিং, বদহজমের সমস্যা দেখা দেবে। তাই খাওয়ার পরে পেট ভার লাগলে আদা দিয়ে চা পান করুন। এ ছাড়া মৌরি বা জোয়ান চিবিয়ে খেতে পারেন। প্রয়োজনে মৌরি, জোয়ান ও মেথি ভেজানো জলও খেতে পারেন। এতে গ্যাস-অম্বলের সমস্যা এড়াতে পারেন।
পর্যাপ্ত জল পান করুন
পেটের হাল ফেরাতে হলে পর্যাপ্ত জল পান করুন। শরীরকে হাইড্রেটেড রাখার চেষ্টা করুন। এতে গ্যাস-অম্বল এড়ানো যায়। তা ছাড়া পর্যাপ্ত জল পান করলে শরীরে জমে থাকা টক্সিনও বেরিয়ে যায়। এর জন্য আলাদা করে ডিটক্স পানীয় খাওয়ারও আর দরকার নেই।
প্রিবায়োটিক ও প্রোবায়োটিক খাবার খান
এত দিন ক্যালোরির কথা ভাবেননি। কিন্তু এ বার পেটের কথা ভাবতে হবে। তাই রোজের পাতে প্রিবায়োটিক ও প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার রাখুন। দই, ফল, শাকসব্জি, গোটা শস্য ইত্যাদি বেশি করে খান। বেশি তেল-মশলা দেওয়া খাবার, মিষ্টি বা চিনি মেশানো খাবার এড়িয়ে চলুন।
খাওয়ার পর হাঁটুন
ছন্দে ফিরতে হলে ডায়েটের সঙ্গে এক্সারসাইজ়ও জরুরি। যদি রোজ যোগব্যায়াম করতে না পারেন, তা হলে খাওয়ার পরে অন্তত ১০-১৫ মিনিট হাঁটাহাঁটি করুন। খাওয়ার পরেই শুয়ে পড়বেন না। অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা থাকলে খাওয়ার পর অন্তত ২–৩ ঘণ্টা অপেক্ষা করে ঘুমোতে যান।
FAQ
১. পুজোর পরে বদহজম কমানোর উপায় কী?
উত্তর: অল্প অল্প করে খান, ধীরে চিবিয়ে খান এবং নিয়মিত খাবারের সময় মেনে চলুন।
২. গ্যাস ও পেট ফাঁপার সমস্যা কমাতে কী খেতে পারেন?
উত্তর: আদা, মৌরি বা জোয়ান খেতে পারেন। তবে এগুলি সবার ক্ষেত্রে সমান কার্যকর নয়।
৩. পেটের স্বাস্থ্য ভালো রাখতে কোন খাবার খাবেন?
উত্তর: দই, ফল, শাকসব্জি ও গোটা শস্যের মতো ফাইবারসমৃদ্ধ খাবার খান।
৪. পুজোর পরে পেটের সমস্যা কমাতে কতক্ষণ হাঁটবেন?
উত্তর: খাওয়ার পরে অন্তত ১০–১৫ মিনিট হাঁটতে পারেন।
৫. খাওয়ার কতক্ষণ পরে ঘুমোতে যাওয়া উচিত?
উত্তর: অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা থাকলে খাওয়ার পরে অন্তত ২–৩ ঘণ্টা অপেক্ষা করে শুতে যান।
