রণবীর কাপূরকে রামের ভূমিকায় দেখার অপেক্ষায় রয়েছেন দর্শক। নীতেশ তিওয়ারী পরিচালিত ‘রামায়ণ’ আগামী ৫ নভেম্বর সারা বিশ্বের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। তবে বাড়িতে বসেও ছবিটি দেখার সুযোগ পাবেন ভারতীয় দর্শক। সে ক্ষেত্রে অবশ্য নিয়মিত সাব্সক্রিপশন থাকলেই চলবে না, সিনেমাটি দেখার জন্য আলাদা করে টাকা গুনতে হবে।
প্রেক্ষাগৃহে মুক্তির পরে জিয়োহটস্টারে ছবিটি দেখার জন্য আলাদা করে টাকা দিতে হবে দর্শকদের। এই ব্যবস্থা গড়ে তুলতে জিয়োহটস্টার এবং প্রাইম ফোকাস স্টুডিয়োজের মধ্যে চুক্তি হয়েছে। অর্থাৎ, সাধারণ সাব্সক্রিপশন অন্তর্ভুক্ত বিনোদনের তালিকায় ছবিটি দেখা যাবে না। বাড়িতে বসে ওটিটি-তে দেখতে চাইলে আলাদা করে খরচ করতে হবে।
প্রথমে অবশ্য ছবিটি বড়পর্দাতেই দেখানোর পরিকল্পনা নির্মাতাদের। আগামী ৫ নভেম্বর দীপাবলিতে বিশ্ব জুড়ে মুক্তি পাওয়ার কথা ‘রামায়ণ’-এর। নির্মাতাদের ইচ্ছা, দর্শকেরা যেন প্রথমে প্রেক্ষাগৃহে এই ছবির দৃশ্যগুলি উপভোগ করেন। তার পরেই ওটিটি-তে দেখেন।
জিয়োস্টারের চেয়ারপার্সন নীতা আম্বানীর মতে, ওটিটি-র মাধ্যমে দেশের নানা প্রান্তের পরিবারের কাছে পৌঁছে দেওয়া যাবে ভারতীয় সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ কাহিনি। বিশেষ করে নতুন প্রজন্মের কাছে রামায়ণের মূল্যবোধ তুলে ধরার ক্ষেত্রে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। নীতা বলেন, 'রামায়ণ ভারতের অন্যতম সম্পদ। এই কাহিনি শতাব্দীর পর শতাব্দী ধরে আমাদের বিবেককে গড়ে তুলেছে,অনুপ্রাণিত করেছে এবং জীবনযাপনের পথ দেখিয়েছে।'
ছবির প্রযোজক নমিত মালহোত্রের বক্তব্য, দেশের প্রত্যেক দর্শকের কাছে প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখার সুযোগ নেই। তাই বড়পর্দায় ছবিটি দেখানোর পাশাপাশি বাড়িতে বসে দেখানোর ব্যবস্থাও জরুরি। নমিতের কথায়, 'আমার বিশ্বাস, রামায়ণকে বড়পর্দাতেই দেখা উচিত। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাগৃহের পরিকাঠামো এমন নয় যে, প্রত্যেকে বড়পর্দায় দেখার সুযোগ পাবেন। তাই ওটিটি-কেও গুরুত্ব দেওয়া হচ্ছে।'
