এই প্রজন্মের প্রতিশ্রুতিশীল ও আলোচিত অভিনেতা আবিদ বিন প্রান্ত। গল্পভিত্তিক চমৎকার সব নাটকে অভিনয় করে ইতোমধ্যে দর্শকের নজর কেড়েছেন তিনি। এবার গুণী নির্মাতা সকাল আহমেদের নির্দেশনায় নতুন একটি বিশেষ নাটকে জুটি বাঁধলেন প্রান্ত ও সময়ের আলোচিত অভিনেত্রী রিয়া বর্মন। নাটকের নাম ‘তোর মায়ায়’।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে পরিচালক সকাল আহমেদ বলেন, “নতুনদের মধ্যে প্রান্ত বেশ ভালো করছে এবং কাজের প্রতি তার একনিষ্ঠতা আমাকে মুগ্ধ করেছে। তাকে নিয়ে কাজ করে আমার খুব ভালো লেগেছে। অন্যদিকে রিয়াও বেশ কিছু চমৎকার গল্পের নাটকে কাজ করে আলোচনায় এসেছে। এই নাটকে দু’জনের চমৎকার রসায়ন দর্শকদের মন ছুঁয়ে যাবে।”
বিজ্ঞাপন
নির্মাতা জানান, খুব শীঘ্রই নাটকটি একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেলে শুভমুক্তি পাবে।
নাটকে কাজ করা নিয়ে আবিদ বিন প্রান্ত বলেন, “সকাল ভাই আমাদের দেশের একজন অন্যতম গুণী নাট্যনির্মাতা। এর আগে তার নির্দেশনায় ‘আওয়ার বয়ফ্রেন্ড’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছিলাম (যেখানে সহশিল্পী ছিলেন রুবাইয়া এশা)। আর ‘তোর মায়ায়’ নাটকে আমার সহশিল্পী রিয়া বর্মন। রিয়া বেশ সম্ভাবনাময় একজন শিল্পী। আশা করছি আমাদের রসায়ন ও নাটকটি দর্শকের ভীষণ ভালো লাগবে।”
সহশিল্পী রিয়া বর্মন বলেন, “তোর মায়ায়’ নাটকের গল্পটি এককথায় অসাধারণ। প্রান্ত এই সময়ে বেশ ভালো ভালো কাজ করছে, তার সঙ্গে এটিই আমার প্রথম কাজ। আমরা দু’জনেই চেষ্টা করেছি গল্পের গভীরে প্রবেশ করে নিজেদের চরিত্রগুলো নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে।”
