সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালিটি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে কন্যাশিশুর অধিকার, নিরাপত্তা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চৈতী বড়ুয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কন্যাশিশুরা এখন শিক্ষা, খেলাধুলা ও বিভিন্ন পেশাসহ নানা ক্ষেত্রে নিজেদের যোগ্যতার পরিচয় দিচ্ছে। তাদের মানসম্মত শিক্ষা, নিরাপত্তা ও সুস্থ বিকাশ নিশ্চিত করা গেলে ভবিষ্যতে তারাই সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাল্যবিয়ে সম্পূর্ণভাবে নির্মূল করে কন্যাশিশুদের জন্য নিরাপদ ও সম্ভাবনাময় পরিবেশ গড়ে তোলা সবার নৈতিক দায়িত্ব।
উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. দিদারুল ইসলাম সিকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আক্তার, উপজেলা প্রকৌশলী সৈয়দ আসিফ মোহাম্মদ, উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহসান এবং উপজেলা কৃষি কর্মকর্তা আজাদ হোসেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ ন ম ছালেহ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিঠু চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ইলিয়াছ এবং বরগুনি বিট কর্মকর্তা মো. রহমত আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করা, তাদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখা, বাল্যবিয়ের ক্ষতিকর দিক সম্পর্কে পরিবারকে সচেতন করা এবং শিশুদের অধিকার সুরক্ষায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কন্যাশিশু ও তাদের অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে কন্যাশিশুর অধিকার সম্পর্কে সামাজিক সচেতনতা বাড়বে এবং বাল্যবিয়েমুক্ত সমাজ গঠনে পরিবার ও স্থানীয় পর্যায়ে কার্যকর ভূমিকা নিশ্চিত হবে।
The post চন্দনাইশে জাতীয় কন্যাশিশু দিবস পালিত, বাল্যবিয়ে বন্ধে সচেতনতার আহ্বান appeared first on ভোরের চেতনা.
