স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে রাজশাহীতে ১৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে যেকোনো জরুরি পরিস্থিতি তাৎক্ষণিকভাবে মোকাবিলা করার জন্য ব্যাটালিয়ন সদরে আরও দুই প্লাটুন বিজিবি সদস্যকে রিজার্ভ ফোর্স হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় নগরীর রাণীবাজার অ্যারোহেড পূজামণ্ডপের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার।
ব্রিফিংয়ে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, আগামী ১৬ থেকে ২২ অক্টোবর ২০২৬ পর্যন্ত রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) পক্ষ থেকে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এই কার্যক্রমের আওতায় রাজশাহী জেলার সীমান্ত এলাকার ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত ৬৮টি এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের ৩ কিলোমিটারের মধ্যে অবস্থিত ৬টিসহ সর্বমোট ৭৪টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে মোট ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় ব্যাটালিয়ন সদরে দুই প্লাটুন রিজার্ভ ফোর্স প্রস্তুত রয়েছে।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো জানায়, চাঁপাইনবাবগঞ্জে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার নিরাপত্তায় ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে।
৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, জেলার শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মনকষা, সদর উপজেলার ওয়াহেদপুর ও হাকিমপুর এবং পার্শ্ববর্তী গোদাগাড়ী উপজেলায় কিছু এলাকার ১০টি মণ্ডপের নিরাপত্তায় ৪ প্লাটুন বিজিবি সদস্যরা মোতায়েন করা হবে।
এছাড়া ব্যাটালিয়ন সদর দপ্তরের আশেপাশে আরও ১০ টি মণ্ডপের নিরাপত্তায় দুই প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবে। যে কোন অনাকাঙ্খিত পরিস্থিতিতে দায়িত্ব পালন করার জন্য আরও দুই প্লাটুন সদস্যকে প্রস্তুত রাখা হবে। এরইমধ্যে বিজিবি সদস্যরা রেকি ও প্রস্তুতিমূলক টহল সম্পন্ন করেছেন।
সোনালী/জগদীশ রবিদাস
The post রাজশাহীতে দুর্গাপূজার নিরাপত্তায় ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন appeared first on সোনালী সংবাদ.
