সিলেটের জৈন্তাপুর উপজেলায় সিলেট-তামাবিল মহাসড়কে পৃথক দুর্ঘটনায় তিন মাসের শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে প্রায় পাঁচ মিনিটের ব্যবধানে উপজেলার ফেরিঘাট ও বিরাইমারা এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে। এতে অন্তত ৭ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন- সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকার কাওসার আহমেদের ছেলে আলিফ আকতার (১৫), বাসচালক হাসান প্রামাণিক (৪৫) এবং গোয়াইনঘাট উপজেলার পশ্চিম মাখেরপাড়া গ্রামের হাসানুজ্জামানের তিন মাস বয়সী ছেলে আয়াত।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ শনিবার দুপুর সোয়া ১২টার দিকে জৈন্তাপুর উপজেলার ফেরিঘাট এলাকায় সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে পাথরবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের চালকসহ কয়েকজন যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক বাসচালক হাসান প্রামাণিক ও আলিফ আকতারকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে কাছাকাছি সময়ে একই মহাসড়কের বিরাইমারা এলাকায় দুটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চারজন যাত্রী আহত হন। তাঁদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিন মাস বয়সী শিশু আয়াতকে মৃত ঘোষণা করেন।
তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, মরদেহগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
