রাজধানীর ভাটারায় একটি বাসার চালের ড্রাম থেকে ৩৪ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ওই বাসার ভাড়াটে মালা বেগম (৬২) ও তাঁর ছেলে মামুন চোকদারকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য এক কোটি দুই লাখ টাকা।
গতকাল মঙ্গলবার রাতে ভাটারা থানার ছোলমাইদ ঢালিবাড়ী কাঁচাবাজারসংলগ্ন একটি পাঁচতলা ভবনের নিচতলার ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রাত নয়টার দিকে ডিএনসির একটি দল ওই ফ্ল্যাটে অভিযান চালায়। রাত ৯টা ২০ মিনিটে ফ্ল্যাটের ভেতরে থাকা একটি চালের ড্রাম তল্লাশি করা হয়। ড্রামটির ভেতরে কফি রঙের একটি সাইড ব্যাগে কাগজ ও স্কচটেপ দিয়ে মোড়ানো ১৭টি প্যাকেটে মোট ৩৪ হাজার ইয়াবা পাওয়া যায়। পরে ইয়াবাগুলো জব্দ করা হয়।
ইয়াবার প্রকৃত মালিক আরেক নারী
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মা ও ছেলে জানিয়েছেন, উদ্ধার করা ইয়াবার প্রকৃত মালিক ভাটারা থানার জোয়ার সাহারা এলাকার বাসিন্দা সাহিদা বেগম ওরফে ইতি (৪৮)। তিনি কক্সবাজার থেকে ইয়াবার চালান এনে মালা বেগমের ভাড়াবাসায় মজুত রাখতেন। পরে সেখান থেকে গাজীপুরের কোনাবাড়ী ও সাইনবোর্ড এবং টাঙ্গাইলের ভূঞাপুরসহ বিভিন্ন স্থানে তা সরবরাহ করা হতো।
অভিযানের সময় উপস্থিত না থাকায় সাহিদা বেগমকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ডিএনসি। এ ঘটনায় মালা বেগম, মামুন চোকদার ও সাহিদা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভাটারা থানায় একটি মামলা করা হয়েছে।
