ছবি: সংগৃহীত
-->মুম্বাইয়ের জুহুতে বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে।
রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় জুহুর একটি ফুটবল মাঠ থেকে ফেরার সময় এই হামলার শিকার হন তিনি।
তবে সৌভাগ্যবশত এই প্রাণঘাতী হামলা থেকে অক্ষত অবস্থায় বেঁচে গেছেন এই তারকা। হামলায় টাইগারের গায়ে কোনো গুলি না লাগলেও গাড়িচালক এবং এক স্থানীয় পথচারী আহত হন।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যা ৭টার দিকে একটি ফুটবল ম্যাচ ও প্রাইভেট ইভেন্ট শেষ করে নিজের বিএমডব্লিউ গাড়িতে উঠছিলেন টাইগার শ্রফ। এ সময় মোটরসাইকেলে করে আসা তিন দুষ্কৃতকারী তার গাড়ি লক্ষ্য করে পরপর চার-পাঁচ রাউন্ড গুলি চালায়। আহতদের দ্রুত উদ্ধার করে নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, হামলাকারীদের একজনের বন্দুক শেষ মুহূর্তে জ্যাম হয়ে যাওয়ায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান অভিনেতা।
এই হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও বার্তা এবং পোস্টের মাধ্যমে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে দায় স্বীকার করা হয়েছে।
গ্যাংয়ের সদস্য হিসেবে পরিচিত অনিল পন্ডিত ও হরমন সাধু দাবি করেছে, অভিনেতা সালমান খানের সঙ্গে কাজ করা এবং তাদের নির্দেশ অমান্য করার কারণে টাইগারকে নিশানা করা হয়েছে। তবে পুলিশ এই দাবির সত্যতা ও নেপথ্যের কারণ খতিয়ে দেখছে।
ঘটনার পরই নড়েচড়ে বসেছে মহারাষ্ট্র প্রশাসন। রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এবং উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে মুম্বাই পুলিশের কমিশনারের সঙ্গে কথা বলেছেন এবং দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। এই ঘটনার তদন্তে মুম্বই পুলিশের প্রায় ১৫টি বিশেষ টিম ও ক্রাইম ব্রাঞ্চ যৌথভাবে কাজ করছে এবং ইতোমধ্যে একজনকে আটকও করা হয়েছে। সেলিব্রিটিদের ওপর বারবার হামলায় মুম্বাইজুড়ে ব্যাপক উদ্বেগ ও সমালোচনার ঝড় উঠেছে।
মুম্বাইয়ে হত্যার চেষ্টার শিকার হওয়ার পর বলিউড অভিনেতা টাইগার শ্রফের প্রথম ছবিগুলো প্রকাশ্যে এসেছে। ছবিগুলোতে দেখা গেছে, তার গায়ে একাধিক জায়গায় এবং হাতে ব্যান্ডেজ করা রয়েছে। মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে তার স্বাস্থ্যের খোঁজ নিতে অভিনেতার বাসভবনে গেলে এই ছবিগুলো সামনে আসে।
সামনে আসা ছবিগুলোতে দেখা যায়, টাইগার শ্রফের কাঁধে ও বুকে ড্রেসিং করা এবং ডান হাতে ব্যান্ডেজ বাঁধা রয়েছে। রবিবার গভীর রাতে শিন্ডের এই সাক্ষাতের সময় তার মা আয়েশা শ্রফও উপস্থিত ছিলেন। সূত্র: এনডিটিভি
তামান্না রুপা/
