দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন এবং সদস্যসচিব মো. আবদুর রহিম রিপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) গঠনতন্ত্র, নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িয়ে থাকার সুনির্দিষ্ট অভিযোগ দলীয় দায়িত্বশীল মহলের দৃষ্টিগোচর হয়েছে এবং জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।
অব্যাহতির বিষয়ে জানতে চাইলে শ্যামলী সূত্রধর বলেন, ‘আমি সব সময় দলকে শ্রদ্ধা করি। দলের সিদ্ধান্তকে আমি মাথা পেতে নেব। তবে কী কারণে আমাকে অব্যাহতি দেওয়া হলো তা আমি জানি না। আমার কোনো ভুল হলে দলের কাছে ক্ষমা চাইব।’
জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন বলেন, ‘দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।’
