স্টাফ রিপোর্টার : সিলেটের গোয়াইনঘাটে উপবৃত্তির জন্য ছবি তোলার কথা বলে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে শিহাব আহমদ (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৮টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ওলিপুর রেলগেট এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
আটক শিহাব গোয়াইনঘাট উপজেলার বারহাল গ্রামের বশির উদ্দিনের ছেলে।
এসআরবি-৯ জানায়, গত ৬ সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে বারহাল বাজারের ইলিয়াছ মার্কেটের সামনে ওই ছাত্রীর সঙ্গে শিহাবের দেখা হয়। ছাত্রীর বাবার নির্দেশে উপবৃত্তির আবেদন করার জন্য ছবি তোলা হবে জানিয়ে তাঁকে মার্কেটের দ্বিতীয় তলায় একটি স্টুডিওতে যেতে বলেন শিহাব।
অভিযোগ অনুযায়ী, ছাত্রীটি সরল বিশ্বাসে সেখানে গেলে শিহাব তাঁর পিছু নেন। পরে সিঁড়ির পাশের দেয়ালের আড়ালে নিয়ে মুখ চেপে ধরে তাঁর পোশাক ছিঁড়ে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করেন। এঘটনা কাউকে জানালে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেন তিনি।
এসআরবি জানায়, গত ২৫ ও ২৬ সেপ্টেম্বর বিভিন্ন সময়ে ওই ছাত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও তাঁর বাবা ও ভাইয়ের মুঠোফোনে পাঠানো হয়। এছাড়া আল আমিন আহমদ নামে আরেক ব্যক্তির বিরুদ্ধে নিজের ফেসবুক আইডি থেকে সেসব ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে গোয়াইনঘাট থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। পরে এসআরবি-৯ ছায়াতদন্ত শুরু করে। এর ধারাবাহিকতায় এসআরবি-৯, সিপিএসসি সিলেট ও সিপিসি-৩ শায়েস্তাগঞ্জের যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিহাবকে গ্রেফতার করে।
শনিবার (২৪ অক্টোবর) এর সত্যতা নিশ্চিত করে এসআরবি-৯-এর গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য শিহাবকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
