Published on
:
2 min read
পুজোর আগে দিঘায় এ বার নতুন উদ্যোগ প্রশাসনের। দিঘায় আগত পর্যটক ও এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা আরও সুদৃঢ় করতে আধুনিক প্রযুক্তিনির্ভর ‘সেফট্রিপ দিঘা’ (SafeTrip Digha App) নামে একটি অ্যাপ চালু করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। সোমবার এই বিশেষ উদ্যোগের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অংশুমান সাহা, জেলাশাসক নিরঞ্জন কুমার, রাজ্যের মন্ত্রী তথা তমলুকের বিধায়ক হরেকৃষ্ণ বেরা, নন্দকুমারের বিধায়ক নির্মল খাঁড়া, পাঁশকুড়ার (পূর্ব) বিধায়ক সুব্রত মাইতি-সহ অন্যান্যরা।
এক নজরে
অ্যাপের নাম: SafeTrip Digha
উদ্যোগ: পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ
প্রধান লক্ষ্য: পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা
জোয়ারের সতর্কতা: ৩০ মিনিট আগে অ্যালার্ট ও কাউন্টডাউন
জরুরি পরিষেবা: GPS অবস্থান-সহ ‘Alert Call’
মূলত দিঘা ও সংলগ্ন উপকূলীয় অঞ্চলে আগত পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে ‘SafeTrip Digha’ App ব্যবস্থা তৈরি করা হলেও, এর মাধ্যমে সমগ্র পূর্ব মেদিনীপুর জেলার সাধারণ মানুষও জরুরি পরিস্থিতিতে পুলিশি সহায়তা গ্রহণ করতে পারবেন।
কী কী থাকছে ‘SafeTrip Digha’ অ্যাপ-এ?
১) GPS ও Geo-fencing প্রযুক্তি: ঝুঁকিপূর্ণ এলাকায় প্রবেশের ক্ষেত্রে আগাম সতর্কবার্তা দেওয়া হবে।
২) জোয়ার সংক্রান্ত সতর্কতা: জোয়ার আসার ৩০ মিনিট আগে সতর্কবার্তা ও কাউন্টডাউনের সুবিধা থাকছে এই অ্যাপে।
৩) পুলিশি সহায়তা: জেলার যে কোনও প্রান্ত থেকে ‘Alert Call’ করলে সংশ্লিষ্ট ব্যক্তির বর্তমান GPS অবস্থান-সহ নিকটবর্তী থানায় তাৎক্ষণিক অ্যালার্ট পৌঁছে যাওয়ার ব্যবস্থা থাকছে। যাতে পুলিশ দ্রুত প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে পারে।
৪) সরাসরি যোগাযোগ: নিকটবর্তী থানা, পুলিশ সহায়তা কেন্দ্র এবং সমুদ্রসৈকতে কর্তব্যরত নুলিয়াদের সঙ্গে যোগাযোগের তথ্য দেওয়া হয়েছে এই অ্যাপে।
৫) যাতায়াত সংক্রান্ত তথ্য: রাস্তা বন্ধ, যানজট ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সুবিধা থাকছে।
৬) পর্যটন সহায়তা: একাধিক ভাষায় নিরাপত্তা সংক্রান্ত বার্তা, নিকটবর্তী দর্শনীয় স্থানের তথ্য এবং সেখানে পৌঁছনোর দিকনির্দেশনা দেওয়া রয়েছে।
‘SafeTrip Digha’ অ্যাপটি Google Play Store থেকে ডাউনলোড করে মোবাইলে ইনস্টল করা যাবে। পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার অংশুমান সাহা জানিয়েছেন, অ্যাপটির মাধ্যমে পর্যটক ও সাধারণ মানুষ নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য এবং জরুরি পুলিশি সহায়তার সুবিধা গ্রহণ করতে পারবেন।
FAQ
১. SafeTrip Digha অ্যাপ কী?
এটি পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের চালু করা একটি নিরাপত্তা সংক্রান্ত অ্যাপ, যার মাধ্যমে দিঘার পর্যটক ও জেলার সাধারণ মানুষ জরুরি তথ্য এবং পুলিশি সহায়তা পেতে পারবেন।
২. এই অ্যাপে কি জোয়ারের আগাম সতর্কবার্তা পাওয়া যাবে?
হ্যাঁ। দেওয়া তথ্য অনুযায়ী, জোয়ার আসার ৩০ মিনিট আগে সতর্কবার্তা এবং কাউন্টডাউনের সুবিধা থাকছে।
৩. বিপদে পড়লে কীভাবে পুলিশের সাহায্য পাওয়া যাবে?
অ্যাপের ‘Alert Call’ সুবিধার মাধ্যমে জরুরি অ্যালার্ট পাঠানো যাবে। ব্যবহারকারীর GPS অবস্থান-সহ নিকটবর্তী থানায় সেই বার্তা পৌঁছনোর ব্যবস্থা রয়েছে।
৪. পূর্ব মেদিনীপুরের সাধারণ মানুষ কি অ্যাপটি ব্যবহার করতে পারবেন?
হ্যাঁ। অ্যাপটি শুধু পর্যটকদের জন্য নয়। পূর্ব মেদিনীপুর জেলার সাধারণ মানুষও জরুরি পরিস্থিতিতে পুলিশি সহায়তা চাওয়ার জন্য এটি ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছে পুলিশ।
৫. SafeTrip Digha অ্যাপ কোথা থেকে ডাউনলোড করবেন?
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, Google Play Store থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে। ইনস্টল করার আগে অ্যাপের নাম ও প্রকাশকের পরিচয় যাচাই করে নেওয়া ভালো।
