দেশের নন্দিত উপস্থাপক ও টেলিভিশন ব্যক্তিত্ব হানিফ সংকেত। ১৯৫৮ সালের ২৩ অক্টোবর বরিশালে জন্মগ্রহণ করেন তিনি। জনপ্রিয় এই নির্মাতা ও লেখকের আজ ৬৮তম জন্মদিন। চার দশকের বেশি সময় ধরে টেলিভিশনের দর্শকদের সঙ্গে তার নিবিড় সম্পর্ক। সেই সম্পর্কের সবচেয়ে বড় সেতু জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’।
বরেণ্য ব্যক্তিত্ব হানিফ সংকেতের সঙ্গে বেশ কিছু কাজ করেছেন জনপ্রিয় অভিনেতা-নির্মাতা সালাহউদ্দিন লাভলু। প্রিয় মানুষকে নিয়ে স্মৃতিচারণ করেছেন তিনি। এই অভিনেতা বলেন, “আমি বেশ কিছু দিন ইত্যাদির চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছি। সংকেতদার সঙ্গে আমার অসংখ্য স্মৃতি। এখনো ফোন করলে বলেন—“লাভলুউ, কী খবর, কেমন আছিস?’ আমার খুবই প্রিয় মানুষ। আমাকে খুবই স্নেহ করেন, খুবই ভালোবাসেন।”
মজার একটি ঘটনা বর্ণনা করে সালাহউদ্দিন লাভলু বলেন, “একবার আমরা লুলু পাগলের মেলা কাভার করতে যাচ্ছি। আরিচা দিয়ে যাচ্ছিলাম। আমরা ফেরিতে উঠেছি। ফেরিতে ওঠার পরে সংকেতদা আমাকে জিজ্ঞাসা করেন, ‘শিঙাড়া খাবি?’ সংকেতদা কিন্তু খুব দ্রুত কথা বলেন। তারপর ১০-১২টা শিঙাড়া নিয়ে আসলেন। এরপর বলেন, ‘এর সাথে হাফ কেজি কাঁচা মরিচ লাগবে।’ আমি শুনে তো হতবাক! হাফ কেজি কাঁচা মরিচ মানে!”
পরের ঘটনা বর্ণনা করে সালাহউদ্দিন লাভলু বলেন, “পরে আমি সংকেতদার সহকারীকে কাঁচা মরিচের কথা বললাম। তারপর সে গিয়ে হাফ কেজি কাঁচা মরিচ নিয়ে আসল। এরপর শিঙাড়া খাওয়া শুরু করলেন। দেখি, সংকেতদা এক কামড় শিঙাড়া খাচ্ছেন আর সঙ্গে দুই-তিনটা কাঁচা মরিচ খাচ্ছেন। এত কাঁচা মরিচ খেতে পারেন, ও মাই গড! মজার ব্যাপার হলো—আমরা যেতে যেতে হাফ কেজি কাঁচা মরিচ শেষ, বেশিরভাগ কাঁচা মরিচই সংকেতদা খেলেন। এখনো সংকেতদা এরকম কাঁচা মরিচ খান।”
হানিফ সংকেত পরিচালিত জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-এর বিভিন্ন ব্যঙ্গাত্মক নাট্যাংশ বা সামাজিক সচেতনতামূলক পার্টে বিভিন্ন সময়ে অতিথি অভিনেতা হিসেবে অংশ নিয়েছেন সালাহউদ্দিন লাভলু। তাছাড়া বেশ কটি নাটকেও অভিনয় করেছেন তিনি। এ তালিকায় রয়েছে—‘ঘরের কথা ঘরেই থাক’, ‘ঠিক ঠিকানা’ প্রভৃতি।
হানিফ সংকেতের টেলিভিশন–জীবনের শুরু ফজলে লোহানীর জনপ্রিয় অনুষ্ঠান ‘যদি কিছু মনে না করেন’-এর মাধ্যমে। এই বরেণ্য সাংবাদিক ও সঞ্চালকের সান্নিধ্য তার পেশাগত জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। অনুষ্ঠান পরিকল্পনা, লেখালেখি, উপস্থাপনা ও দর্শকের সঙ্গে যোগাযোগের নানা দিক তার কাছ থেকে শিখেছেন।
১৯৮৫ সালে ফজলে লোহানীর মৃত্যুর পর ‘ঝলক’ নামে একটি ম্যাগাজিন অনুষ্ঠান দিয়ে একক উপস্থাপনা শুরু করেন হানিফ সংকেত। এরপর আসে ‘কথার কথা’। ১৯৮৭ সালে এই অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে দর্শকের সামনে আসেন তিনি। ১৯৮৯ সালের মার্চে বাংলাদেশ টেলিভিশনে যাত্রা শুরু করে ‘ইত্যাদি’। এর পরের গল্পটি বাংলাদেশের টেলিভিশন বিনোদনের ইতিহাসেরই অংশ।
‘ইত্যাদি’-এর বাইরে হানিফ সংকেত নাটক ও চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য নাটক ‘কুসুম’। এটি পরিচালনা করেন প্রয়াত হুমায়ূন আহমেদ। নাটক পরিচালনাও করেন হানিফ সংকেত। এ তালিকায় রয়েছে—‘আয় ফিরে তোর প্রাণের বারান্দায়’, ‘দুর্ঘটনা’, ‘তোষামোদে খোশ আমোদে’, ‘কিংকর্তব্য’, ‘শেষে এসে অবশেষে’ প্রভৃতি।
একটি দেশের সংস্কৃতি শুধু মঞ্চে-পর্দায় থাকে না; থাকে ভাষার ব্যবহারেও, হাসির ধরনেও, ব্যঙ্গের ভঙ্গিতেও, আর নৈতিকতার সীমানা আঁকার ক্ষমতাতেও। হানিফ সংকেত চার দশক ধরে সেই সীমানাটাই টেনে চলেছেন-নিজের মতো করে। শুধু পর্দায় নয়, দুই মলাটেও বন্দি করেছেন হাসি, ব্যঙ্গ। তার রচিত রম্য রচনাগুলো হলো—‘চৌচাপটে’, ‘এপিঠ ওপিঠ’, ‘ধন্যবাদ’, ‘অকাণ্ড কাণ্ড’, ‘খবরে প্রকাশ’, ‘প্রতি ও ইতি’, ‘আটখানার পাটখানা’।
কাজের স্বীকৃতিস্বরূপ নানা সম্মাননা পেয়েছেন হানিফ সংকেত। ২০১০ সালে পান একুশে পদক। পেয়েছেন জাতীয় পরিবেশ পদকও। চলতি বছর তার অর্জনের তালিকায় যুক্ত হয়েছে রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার ২০২৬।
