যশোরের চৌগাছায় ৭ বছর বয়সী সৎ মেয়েকে (স্ত্রীর আগের স্বামীর মেয়ে) ধর্ষণচেষ্টার অভিযোগে শহিদুল ইসলাম (৫০) নামে সৎ বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় চৌগাছা থানায় ধর্ষণচেষ্টার মামলা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে স্ত্রীর অভিযোগের ভিত্তিতে আসমী শহিদুলকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলা সূত্রে জানা গেছে, মেয়েটির মার সাথে তার বাবার ৪ বছর আগে পারিবারিকভাবে বিবাহ বিচ্ছেদ হয়। পরে শহিদুল ইসলামের সাথে বিয়ে হওয়ার পর থেকে মেয়েটি মায়ের সাথে শহিদুল ইসলামের বাড়িতেই থাকত।
গত ১৮ অক্টোবর ভোর সাড়ে ৫টার দিকে মেয়েটির মা বাড়ির বাইরে রাথরুমে গেলে অভিযুক্ত শহিদুল ইসলাম মেয়েটিকে (৭) জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। মেয়েটি চিৎকার দিলে তার মা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উক্ত কাজের কারন জিজ্ঞাসা করেন।
এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হলে মেয়েটির মা মেয়েকে নিয়ে নিজের বাবার বাড়ি চলে যান। সেখানে অভিযুক্ত শহিদুল ইসলাম স্থানীয় লোকজনসহ সালিশ করে বিষয়টি মিমাংসা করার চেষ্টা করেন। তবে মিমাংসা না হওয়ায় ভিকটিমের মা আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে মেয়েসহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ শহিদুলকে গ্রেপ্তার করে।
চৌগাছা থানার ওসি মামুনুর রশীদ বলেন, এ ঘটনায় ধর্ষণচেষ্টার মামলা হয়েছে। একমাত্র আসামি শহিদুলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আগামীকাল যশোর আদালতে পাঠানো হবে।
