সিরাজপুর ইউপি নির্বাচনে বিএনপির ৭ মনোনয়ন প্রত্যাশী,ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এমপি ফখরুল ইসলামের
-
সিরাজ উল্লাহ (কোম্পানীগঞ্জ) নোয়াখালী - আপডেট সময় ০১:৩৫:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ১নং সিরাজপুর ইউনিয়নে বিএনপির দলীয় চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে বসুরহাট নির্ঝর কনভেনশন হলে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। নির্বাচন কমিশন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করার পর দলীয় মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে সমন্বয় ও ঐক্য বজায় রাখার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদার। সভা সঞ্চালনা করেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুর রহমান রিপন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ ফখরুল ইসলাম। সভায় বিশেষ অতিথি ও অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভার সাবেক মেয়র কামাল উদ্দিন চৌধুরী, বসুরহাট পৌরসভা বিএনপির সদস্যসচিব আব্দুল্লাহ আল মামুন, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সাল, সদস্যসচিব জাহিদুর রহমান রাজন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুদ্দিন হায়দার এবং উপজেলা ছাত্রদলের সভাপতি হোসেন মোহাম্মদ এরশাদ। এ সময় সিরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী সাতজন উপস্থিত ছিলেন। তাঁরা হলেনÑআলহাজ্ব আবদুস সাত্তার, আফতাব আহমেদ বাচ্চু, মাইন উদ্দিন মাসুম, অ্যাডভোকেট মাসুম, গোলাম ছারওয়ার মিশু, আতোয়ার হোসেন পাভেল ও আবদুল মালেক মেম্বার। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, আপনারা সাতজন দলীয় মনোনয়নপ্রত্যাশী। যাচাই-বাছাই শেষে দল একজনকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেবে। তখন সবাইকে ব্যক্তিগত মতভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করতে হবে। সবাই মিলেমিশে কাজ করে মনোনীত প্রার্থীকে চেয়ারম্যান হিসেবে বিজয়ী করতে হবে। তিনি দলীয় মনোনয়নকে কেন্দ্র করে বিভেদ সৃষ্টি না করে দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকার এবং সাংগঠনিক ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজপুর ইউনিয়নে বিএনপির সাত মনোনয়নপ্রত্যাশীর উপস্থিতিতে আয়োজিত এ মতবিনিময় সভায় দলীয় ঐক্য ও একক প্রার্থীর পক্ষে সম্মিলিতভাবে কাজ করার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।
ট্যাগস :
