স্বেচ্ছায় রক্তদান, অসহায় মানুষের পাশে দাঁড়ানো ও মানবিক সমাজ গঠনে তরুণদের সম্পৃক্ত করার আহ্বান
সৈয়দ স্বাধীন, নিজস্ব প্রতিনিধি:
- আপডেট সময় : ১১:০৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
উজিরপুরে লাইট অব হিউম্যানিটি উজিরপুরের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্বেচ্ছাসেবীদের মিলনমেলা ও আলোচনা সভায় অতিথিরা।
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুরে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘লাইট অব হিউম্যানিটি উজিরপুর’-এর (LIGHT OF HUMANITY WAZIRPUR) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মানবসেবায় এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের তরুণ সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১১১ নম্বর বরতা সৈয়দ গনি আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মাস্টার মো. আব্দুস সালাম। প্রধান অতিথি ছিলেন গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা মো. কাজী সুজন। বিশেষ অতিথি ছিলেন মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল আমান। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহসভাপতি, বাংলাদেশ যুব অধিকার পরিষদ বরিশাল জেলার সাবেক অর্থ সম্পাদক ও সাংবাদিক সৈয়দ স্বাধীন এবং সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক মো. আজিজুল ইসলামসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা।
আলোচনা সভায় বক্তারা বলেন, স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ মানবিক কাজ। জরুরি মুহূর্তে মুমূর্ষু রোগীর জন্য রক্তদাতা সংগ্রহ এবং রক্তদানে জনসচেতনতা তৈরির মাধ্যমে মানুষের জীবন বাঁচানো সম্ভব। এ ক্ষেত্রে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তারা আরও বলেন, তরুণদের মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে মানবিক ও সেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, দরিদ্র পরিবারকে সহযোগিতা, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং দুর্যোগের সময় মানুষের পাশে থাকার মতো উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, স্বেচ্ছায় রক্তদান, অসহায় মানুষের সহায়তা এবং বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করাই তাদের অন্যতম লক্ষ্য। আগামী দিনে এসব কার্যক্রম আরও গতিশীল ও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা।
প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন স্বেচ্ছাসেবীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারের পাশাপাশি মানবতার কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে শেষ হয়।

