The Sangbad · বিনোদন
একক ও ধারাবাহিক নাটকে ব্যস্ত পারিশা জান্নাত
১৪/১০/২০২৬

এই প্রজন্মের দর্শকপ্রিয়
অভিনেত্রী পারিশা জান্নাত। ছোটবেলায় স্বপ্ন ছিল আইনজীবী হওয়ার। তবে বড় হওয়ার সঙ্গে
বদলে যায় সেই ইচ্ছা। অভিনয়ের প্রতি প্রবল আগ্রহ থেকেই ধীরে ধীরে নাটকে কাজ শুরু করেন
তিনি। এখন সুন্দর গল্প ও ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন এই অভিনেত্রী।এরই মধ্যে মাসুদ
রানা অনিকের ‘নিমক হারাম’ ও মাহমুদুল হাসান রানার ‘স্বার্থপর’ নাটকের কাজ শেষ করেছেন
পারিশা। পাশাপাশি আরটিভিতে প্রচার চলতি জনপ্রিয় ধারাবাহিক সঞ্জিত সরকারের ‘ম্যানেজ
মাস্টার’-এও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে যুক্ত হয়েছেন তিনি। নতুন এই কাজ নিয়ে বেশ উচ্ছ্বসিত
পারিশা। এদিকে ২০ সেপ্টেম্বর
পারিশা জান্নাতের জন্মদিন। বিশেষ কোনো আয়োজন না রেখে মায়ের সঙ্গেই জন্মদিনের সময় কাটান
তিনি।নিজের নতুন কাজ
প্রসঙ্গে পারিশা জান্নাত বলেন, ‘ইতোমধ্যে যে নাটকগুলোর কাজ শেষ করেছি, প্রতিটি নাটকের
গল্পই খুব সুন্দর। আমার চরিত্রগুলোও এমন, যেখানে অভিনয়ের সুযোগ পেয়েছি। কাজ করে আমি
তৃপ্ত। তবে আগামীতে আরও ভালো গল্পে চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে চাই। নিজেকে একজন
নিখুঁত অভিনেত্রী হিসেবে গড়ে তুলতে চাই।’তিনি আরও বলেন,
‘আমাদের অনেক সিনিয়র শিল্পী অভিনয়ে নিজেদের আলাদা সিগনেচার তৈরি করেছেন। আমিও ঠিক তেমনটাই
করতে চাই। অভিনয়ে অনবদ্য ও অনন্য হয়ে উঠতে চাই। আর জন্মদিনে মায়ের সঙ্গেই সময় কাটবে।
সবাই আমার জন্য দোয়া করবেন।’অভিনয়জীবনের শুরুতেই
বেশ কয়েকটি নাটকে অভিনয় করে দর্শকের নজর কাড়েন পারিশা। তাঁর উল্লেখযোগ্য নাটকের মধ্যে
রয়েছে ‘বউ বাছাই’, ‘নিষ্ঠুর’, ‘এ কেমন বিয়ে’, ‘নিমক হারাম’, ‘চালাক জামাই’, ‘প্রবাসীর
ইলেকশন’ ও ‘দুর্নাম’। প্রতিটি নাটকেই ভিন্ন ধরনের চরিত্রে নিজেকে উপস্থাপনের চেষ্টা
করেছেন তিনি।অভিনেতা রাশেদ সীমান্ত,
জাহের আলভী ও শামীম হাসান সরকারের সঙ্গে কাজের অভিজ্ঞতা বেশি পারিশার। সহশিল্পীরাও
তাঁর অভিনয় নিয়ে আশাবাদী। তাঁদের মতে, ভালো গল্প ও শক্তিশালী চরিত্রে নিয়মিত কাজের
সুযোগ পেলে ভবিষ্যতে আরও বড় পরিসরে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন এই অভিনেত্রী।
অভিনয়জীবনের শুরু
থেকে সহযোগিতার জন্য পরিচালক মাসুদ রানা অনিক, জিয়াউদ্দিন আলম ও নাজমুল রনির প্রতি
কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পারিশা জান্নাত।
মূল প্রতিবেদনে যান ↗