নীলফামারীতে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছেন ইন্টার্ন চিকিৎসকেরা। সোমবার শহরের চৌরঙ্গী মোড়ে এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জিম্মা হোসেন। বক্তব্য দেন সহযোগী অধ্যাপক ডা. শাহ মো. মোয়াজ্জেম হোসেন, সহকারী অধ্যাপক ডা. আবদুল মতিন, সহকারী অধ্যাপক ডা. হাসিনা বানু, ড্যাব আহ্বায়ক ডা. সোহেলুর রহমান সোহেল প্রমুখ। বক্তারা ঘটনার নিন্দা জানিয়ে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা, সুরক্ষা আইন প্রণয়ন এবং অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এর আগে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এক ঘণ্টা কর্মবিরতি পালন করেন ইন্টার্ন চিকিৎসকেরা।
এ ঘটনায় নাঈম ইসলাম (২৫) নামে এক অ্যাম্বুলেন্সচালককে আটক করা হয়েছে। জানা যায়, রোববার আলট্রাসনোগ্রাফির রিপোর্ট নিতে আসেন বেসরকারি অ্যাম্বুলেন্সচালক নাঈম ইসলাম। রিপোর্ট দিতে দেরি হওয়ায় তিনি চিৎকার ও বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এ সময় দায়িত্বে থাকা সহকারী অধ্যাপক ডা. রথীন্দ্রনাথ ম-লকে মারধর করেন বলে অভিযোগ করা হয়। পরে হাসপাতালের নিরাপত্তাকর্মীরা নাঈমকে আটক করেন। এ ঘটনার প্রতিবাদে পরদিন কর্মবিরতি ও মানববন্ধন করেন চিকিৎসকেরা। এ বিষয়ে ওসি জিল্লুর রহমান বলেন, নাঈমের বিরুদ্ধে মামলার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।