Published on
:
2 min read
মাদক বিক্রিতে বাধা দেওয়ায় এক সমাজকর্মীকে গুলি করে খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মঙ্গলবার পাঞ্জাবের মানসায় মঙ্গলবার খুন হলেন সমাজকর্মী পারভিন্দর সিং ঝোটা। পুলিশ সূত্রে খবর, একটি ওষুধের দোকানে খোলাখুলি ড্রাগ বিক্রি করছিলেন তার মালিক। তার প্রতিবাদ করাতেই দোকান মালিক পারভিন্দরকে গুলি করেন। সমাজ মাধ্যমে এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে।
পুলিশ সূত্রে খবর, পারভিন্দর সিং ঝোটা নামে ওই সমাজকর্মী পাঞ্জাবে মাদক বিরোধী আন্দোলন করতেন। মানসার এক দোকানে খোলাখুলি ড্রাগ বিক্রির অভিযোগ পেয়ে সেখানে যান পারভিন্দর। নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এ নিয়ে একটি ভিডিয়োও করেন তিনি। পাঁচ মিনিটের সেই ভিডিয়োতে ওই দোকানের বিক্রেতাকে প্রশ্ন করতে দেখা যায় পারভিন্দরকে।
ভিডিয়োয় অন্য এক বয়স্ক ব্যক্তিকেও দেখতে পাওয়া যায়। ভিডিয়োয় পারভিন্দর দাবি করেন, ওই ব্যক্তি মানসার ওষুধের দোকান থেকে মাদক কিনেছিলেন। পারভিন্দরের সঙ্গে ওই দোকানের মালিকের কথা কাটাকাটি হয়। এক সময়ে পকেট থেকে একটি পিস্তল বের করতেও দেখা যায় দোকানের মালিককে। প্রায় চার মিনিট ধরে দোকানের মালিকের সঙ্গে ঝামেলা হয় পারভিন্দরের। আচমকাই পারভিন্দরকে লক্ষ্য করে গুলি ছোড়েন দোকানের মালিক। পারভিন্দরের হাত থেকে সঙ্গে সঙ্গে মোবাইলটি পড়ে যায়। সঙ্গে সঙ্গে লাইভটিও বন্ধ হয়ে যায়।
সমাজ মাধ্যমে জনপ্রিয় পারভিন্দর সিং ঝোটা
পাঞ্জাবের মানসা এবং সংলগ্ন এলাকায় বেশ কয়েক বছর ধরে মাদক বিরোধী আন্দোলন চালাচ্ছিলেন পারভিন্দর। এলাকার একাধিক ওষুধ দোকানে বেআইনি ভাবে মাদক বিক্রির অভিযোগ পেয়ে অভিযান চালিয়েছেন পারভিন্দর। সেই সব ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন তিনি। ফেসবুকে তাঁর ২৪,০০০ ফলোয়ার রয়েছে। এর আগে ২০২৩ সালেও খবরের শিরোনামে উঠে এসেছিলেন পারভিন্দর সিং ঝোটা। ২০২৩ সালের জুলাই মাসে একটি ওষুধ দোকানে বেআইনি মাদক বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ জানান তিনি। সেই ঘটনায় পুলিশ পারভিন্দরের বিরুদ্ধে হেনস্থা, দাঙ্গা বাধানো, বেআইনি অনুপ্রবেশ-সহ একাধিক অভিযোগে মামলা করা হয়। গ্রেপ্তার করা হয় পারভিন্দরকে। তবে, গ্রেপ্তারির দু’মাস পরে তাঁকে ছেড়ে দেয় পুলিশ।
সামনেই পাঞ্জাবে বিধানসভা নির্বাচন। তার আগেই এ ভাবে মাদক পাচারকে কেন্দ্র করে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ভগবত মানের সরকার পাঞ্জাবে মাদক বিরোধী ক্যাম্পেনও চালু করেছে। তার পরেও এমন ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
