ছবির ক্যাপশন: .
আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা, ঢাকা :
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার ইয়াবা ট্যাবলেট ও নগদ ২০ হাজার টাকাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি–দক্ষিণ)। গত বুধবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. ইসমাইল হোসেন (৪৩)। তিনি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার পলাশপুর পূর্বপাড়া এলাকার বাসিন্দা।
ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)–এর ওসি মো. সাইদুল ইসলাম জানান, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম-এর নির্দেশনায় ডিবির একটি দল কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। রাত সাড়ে ১১টার দিকে পলাশপুর এলাকা থেকে ইসমাইলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২ হাজার ইয়াবা ও নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।
ডিবি জানায়, সিডিএমএস পর্যালোচনায় ইসমাইলের বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা থাকার তথ্য পাওয়া গেছে। নতুন ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮–এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।
