ঢাকা অফিস।।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। তাদের বিরুদ্ধে বর্তমানে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মো. আকতার হোসেন বলেন, ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ ঘটনায় দুই অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বিষয়টি নিয়ে ডিবি কাজ করছে।
মামলার ধারা সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপির এই কর্মকর্তা জানান, সন্ত্রাসবিরোধী আইনের ঠিক কোন ধারায় মামলা হবে, সে বিষয়ে তার কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই।
তিনি বলেন, আমি এইটুকুই তথ্য পেয়েছি যে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে। যেহেতু মামলা রুজুর প্রক্রিয়া চলছে, মামলা হয়ে গেলে নির্দিষ্ট সব তথ্য জানা যাবে।
