মা ইলিশ সংরক্ষণে যমুনা নদীতে অভিযান পরিচালনার সময় ইলিশ হাতে নিয়ে ছবি তুলে ‘মৎস্য অফিস দৌলতপুর-মানিকগঞ্জ’ ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন দৌলতপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্বী। ছবিটি নিয়ে তীব্র আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
এ ঘটনায় সচেতন নাগরিকদের কেউ কেউ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) তোলা ছবিতে সূরাইয়া আক্তার তন্বীকে যমুনা নদীতে একটি নৌকার ওপর দাঁড়িয়ে দুই হাতে একটি মাছ ধরে থাকতে দেখা যায়। ছবিটি তিনি নিজেই পোস্ট করেন। পরে ছবিটি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা দেয়।
মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে সরকার নির্ধারিত সময়ে ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযান পরিচালনা করছে।
এ বিষয়ে বক্তব্য জানতে মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্বীর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনে পাওয়া যায়নি। ফলে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।
