দেশের অন্যতম পর্যটনকেন্দ্র সাজেক সড়কে যান চলাচল স্বাভাবিক করা এবং এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে খাগড়াছড়িতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় খাগড়াছড়ি সেনা রিজিয়নের সম্মেলনকক্ষে এ সভা হয়। সড়ক অবরোধের কারণে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পর্যটকদের দুর্ভোগ নিয়ে সভায় উদ্বেগ প্রকাশ করা হয়।
শনিবার রাত সাড়ে ৮টায় প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সভায় সেনাবাহিনী, পুলিশ, বেসামরিক প্রশাসন, গোয়েন্দা সংস্থা, পার্বত্য জেলা পরিষদ এবং সাজেকের পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় উত্থাপিত প্রস্তাব অনুযায়ী, চলমান সংকট নিরসনে স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া, খাগড়াছড়ি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এবং বেসামরিক প্রশাসনের মাধ্যমে অবরোধকারীদের প্রতিনিধিদের সঙ্গে ধাপে ধাপে আলোচনার উদ্যোগ নেওয়া হবে।
এ ছাড়া পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধানের লক্ষ্যে খাগড়াছড়ি ও রাঙামাটির নিরাপত্তা বাহিনী, জেলা পরিষদ এবং বেসামরিক প্রশাসনের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের যৌথ মধ্যস্থতাকারী দল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবিত এই দলের নেতৃত্বে থাকবেন সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সড়ক যোগাযোগ বন্ধ থাকায় সাধারণ মানুষ, পর্যটক ও ব্যবসায়ীরা ভোগান্তিতে পড়ছেন। দীর্ঘদিন ধরে চলা এই অচলাবস্থার কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। এর ফলে সাম্প্রদায়িক সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে বলে সভায় উদ্বেগ জানানো হয়।
সড়ক অবরোধে কারবারি অ্যাসোসিয়েশনের ভূমিকা নিয়েও সভায় আলোচনা হয়েছে। অবরোধের মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করা এবং আন্দোলনকারীদের কর্মকাণ্ডে প্রকাশ্যে মদদ দেওয়ার অভিযোগে সংগঠনটিকে জবাবদিহির আওতায় আনার বিষয়েও আলোচনা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সভা শেষে জনদুর্ভোগ কমানো, এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্রুত যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর থাকার নির্দেশ দেওয়ার কথা জানানো হয়।
এমএমটি
-20261025071854.jpg&w=1440&q=75)