রাজধানীর উত্তরার আজমপুরে বেতন বাড়ানোর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা। তাদের অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে আশপাশের সড়কেও তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পথচারীরা।
বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা আজমপুর এলাকায় জড়ো হতে শুরু করেন। পরে তারা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকেরা জানান, বেতন বৃদ্ধির দাবিতে তারা সড়কে নেমেছেন। দাবি আদায়ে মহাসড়কে অবস্থান নেওয়ায় গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল ব্যাহত হয়।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আশপাশের সড়কগুলোতেও যানবাহনের চাপ বাড়তে থাকে। এতে কর্মস্থলগামী মানুষ, যাত্রী ও পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে অবস্থান নেয় পুলিশ। শ্রমিকদের সঙ্গে আলোচনা করে তাদের মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
