‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’ এবং ‘ছাত্র-জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’—স্লোগানে টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করেছে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) জেলা শাখা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম প্রিন্স।
জেলা নিসচার সভাপতি ফিরোজ আহমেদ বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা নিসচার সাধারণ সম্পাদক মো. সেলিম তরফদার। আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা নিসচার কার্যনির্বাহী সদস্য এসএম শফিকুল আলম সিদ্দিকী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রবিউল ইসলাম, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) শেখ মাহতাব উদ্দিন আহমেদ, জেলা বাস কোচ মালিক সমিতির আহ্বায়ক শফিকুর রহমান শফিক এবং জেলা জাসাসের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান তুহীন।
বক্তারা সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চালক, যাত্রী ও পথচারীসহ সবার সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা স্মরণ করিয়ে দেন, ‘একটি সড়ক দুর্ঘটনা, সারা জীবনের কান্না’—কথাটি সবাইকে মনে রাখতে হবে।
নিসচার দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল জনসাধারণের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ, পরিবহন শ্রমিকদের নিয়ে সচেতনতামূলক প্রচারাভিযান এবং কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা। সবশেষে নিসচার প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সহধর্মিণী মরহুম জাহানারা কাঞ্চনসহ সড়ক দুর্ঘটনায় নিহত সবার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ ছাড়া একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনটির অতীত ইতিহাস স্মরণ করে সভায় জানানো হয়, ২০০১ সালে টাঙ্গাইল জেলা নিসচার কমিটি গঠন করা হয়। তৎকালীন সময়ে এই জেলা কমিটির প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন মু. জোবায়েদ মল্লিক বুলবুল এবং সাধারণ সম্পাদক ছিলেন মাছুদুর রহমান মাসুদ। তাঁদের হাত ধরেই টাঙ্গাইলে নিসচার এই মানবিক আন্দোলনের সূচনা হয়েছিল।
